ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের ২৯ বছরে পদার্পণ উপলক্ষ্যে দুদিনব্যাপী নানা আয়োজন রাখছে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে। আগামীকাল ১৭ জুলাই ও ১৮ জুলাই এ আয়োজনে থাকছে নাটক, সম্মাননা, বইয়ের মোড়ক উন্মোচন, নাটকের অনুষঙ্গ প্রদর্শনীসহ নানা আয়োজন।
আগামীকাল বিকাল সোয়া ৬টায় থাকছে নাটক ‘প্রতীক্ষা অন্তহীন…’। স্যামুয়েল বেকেটের বিখ্যাত ট্র্যাজিকমেডি ‘ওয়েটিং ফর গডো’ এর কবির চৌধুরী অনূদিত এই নাটক ইতোমধ্যে প্রশংসিত হয়েছে শিল্পমোদী দর্শকদের কাছে। এদিন ৭.৪৫টায় থাকছে সম্মাননা ও মোড়ক উন্মোচন আয়োজন। এবার ফেইম সম্মাননা জ্ঞাপন করবে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক ব্রুনো লাক্রাম্প ও সহপরিচালক ড. গুরুপদ চক্রবর্তীকে। মোড়ক উন্মোচিত হবে ফেইম–আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম প্রযোজিত দুটো নাটকের বাংলা অনুবাদ ‘খোঁজ’ ও ‘দগ্ধা’। এর প্রকাশনায় রয়েছে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম ও প্রকাশনা প্রতিষ্ঠান খড়িমাটি। এ পর্বে অতিথি থাকবেন কবি ও প্রাবন্ধিক আবুল মোমেন, নাট্যজন শিশির দত্ত, নাট্যজন অভীক ওসমান এবং লেখক ও অনুবাদক আলম খোরশেদ।
দ্বিতীয় দিন ফেইমের প্রতিষ্ঠা দিবস ১৮ জুলাই সন্ধ্যা ৭টায় থাকবে নাটক ‘প্রতীক্ষা অন্তহীন…’। দুদিনই ল্যাবরেটরি মিলনায়তনে থাকবে নাটকের ছবি, সেট, প্রপস, পোশাক ও অন্যান্য প্রদর্শনী। এসব আয়োজনে দর্শকদের উপস্থিতি কামনা করেছেন ফেইমের পরিচালক অসীম দাশ ও তিলোত্তমা সেনগুপ্তা। প্রেস বিজ্ঞপ্তি।












