জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারে আল্টিমেটাম

ডিডিএনে হামলা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ জুলাই, ২০২৬ at ১০:১৪ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া এক্সেস রোডে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটের (ডিডিএন) কার্যালয়ে দুই কোটি টাকা এককালীন এবং মাসিক দশ লাখ টাকা চাঁদা দাবি ও হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় আনা না হলে চট্টগ্রাম বিভাগজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

গতকাল মঙ্গলবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান আইএসপিএবি নেতারা। পরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন চট্টগ্রামের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের শতাধিক কর্মকর্তাকর্মচারী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আইএসপিএবি চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেন্স। তিনি বলেন, হামলার ঘটনায় প্রতিষ্ঠানের কর্মকর্তাকর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাহীনতার কারণে অনেক কর্মী কর্মস্থলে যেতে ভয় পাচ্ছেন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া হলে চট্টগ্রাম বিভাগে ইন্টারনেট সেবা বন্ধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সংগঠনটির পক্ষ থেকে চার দফা দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, সব আইএসপি প্রতিষ্ঠানের নেটওয়ার্ক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের সমন্বিত উদ্যোগ।

পূর্ববর্তী নিবন্ধহামলার ঘটনায় এখনো গ্রেপ্তার নেই জড়িতদের শনাক্তে কাজ চলছে : পুলিশ
পরবর্তী নিবন্ধ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা পাবে শিশুরা