চট্টগ্রামে টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের অস্বাভাবিক জোয়ারে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের সহায়তায় মাঠে নেমেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল শনিবার নগরীর বিভিন্ন জলাবদ্ধ এলাকায় আটকে পড়া পরিবারের মধ্যে ২ হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করেছে নৌবাহিনী।
নৌবাহিনী জানিয়েছে, শনিবার পতেঙ্গা থানার বিজয়নগর, আকমল আলী রোড, নিউ মুরিং মাদ্রাসা এলাকা, নারিকেলতলা এবং নেভি হাসপাতাল গেটসংলগ্ন এলাকায় নৌবাহিনীর সদস্যরা সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। পরে পানিবন্দি পরিবারগুলোর মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। অতি বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের প্রভাবে চট্টগ্রামের বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন। এই পরিস্থিতিতে মানবিক দায়িত্বের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী জানায়, ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত বন্যা ও জলাবদ্ধতায় আক্রান্ত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।











