বিশ্বকাপের হাই–ভোল্টেজ কোয়ার্টার–ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন এবং বেলজিয়াম। ম্যাচটি আজ শুক্রবার দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ইউরোপিয়ান দুই পরাশক্তি সেমিফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে মাঠে জোর লড়াই দেবে বলে মতামত দিচ্ছেন ফুটবল বিশেষজ্ঞরা। সামপ্রতিক ডেটা অ্যানালিটিক্স অনুযায়ী ম্যাচটির জয়ের সম্ভাবনা স্পেনের ৫৯.৩%। নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের নিয়ন্ত্রণ স্পেনের হাতে থাকার সম্ভাবনা বেশি। টুর্নামেন্টে এখন পর্যন্ত একটি গোলও হজম করেনি স্পেন। রাউন্ড অব ৩২–এ স্পেন অস্ট্রিয়াকে ৩–০ এবং শেষ ১৬–র ম্যাচে পর্তুগালকে ১–০ গোলে হারিয়েছে। বেলজিয়াম ক্রমশ আক্রমণাত্মক রূপে নিজেদের প্রকাশ করছে। বেশ উন্মুক্ত ও আক্রমণাত্মক ফুটবল খেলছে তারা। রাউন্ড অব ৩২–এ সেনেগালকে ৩–২ গোলে এবং শেষ ১৬–তে স্বাগতিক ইউএসএ–কে ৪–১ ব্যবধানে উড়িয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে তারা। স্পেনের সম্ভাব্য ফরমেশন হতে পারে এভাবে ৪–৩–৩। দাভিদ রায়া, পেড্রো পোরো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেলা, রদ্রি, পেদ্রি, ফ্যাবিয়ান রুইজ, লামিন ইয়ামাল, মিকেল ওয়ারজাবাল, নিকো উইলিয়ামস। লামিন ইয়ামাল রাইট–উইংয়ে স্পেনের আক্রমণের মূল চাবিকাঠি। রদ্রি: মাঝমাঠ নিয়ন্ত্রণের মূল কারিগর। বেলজিয়াম খেলতে পারে ৪–২–৩–১ ফরমেশনে। কিপার থিবো কোর্তোয়া, টিমোথি কাস্তানিয়ে, জেনো ডেবাস্ট, আর্থার থিয়েট, মাক্সিম ডি কুইপার, আমাদু ওনানা, ইউরি তিলেমান্স, জেরেমি ডকু, কেভিন ডি ব্রুইনা, লিয়ান্দ্রো ট্রোসার্ড, রোমেলু লুকাকু। কেভিন ডি ব্রুইনা প্লে–মেকিং ও পাসিং মাস্টার। রোমেলু লুকাকু বদলি হিসেবে নেমে টানা ৩ ম্যাচে গোল করার ফর্মে আছেন। ট্যাকটিক্যাল লড়াইয়ে আক্রমণ বনাম রক্ষণ হলো স্পেনের কৌশল। কোচ লুইস দে লা ফুয়েন্তের অধীনে স্পেন বল পজেশন ধরে রেখে এবং ইয়ামাল–উইলিয়ামসের গতি ব্যবহার করে আক্রমণ শানাবে। রুডি গার্সিয়ার বেলজিয়াম দল কাউন্টার–অ্যাটাক এবং ডি ব্রুইনার দূরদর্শী পাসের ওপর ভরসা করে স্পেনের জমাট রক্ষণ ভাঙার চেষ্টা করবে।
২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এক মহাকর্ষীয় লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের এই দুই ফুটবল পরাশক্তি স্পেন এবং বেলজিয়াম। সেমিফাইনালে ওঠার এই মহা লড়াইকে দুই দল কেউ কাউকে ছাড়বে না। যদিও কাগজে–কলমে এবং ফুটবল ইতিহাসের অতীত পরিসংখ্যানের দিক থেকে বেলজিয়ামের চেয়ে বেশ এগিয়ে রয়েছে স্পেন। আন্তর্জাতিক ফুটবলে দুই দল এখন পর্যন্ত মোট ১৬টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। স্পেন জিতেছে ৯টি ম্যাচে। বেলজিয়াম জয় পেয়েছে মাত্র ৩টি ম্যাচে। দুই দলের মধ্যকার বাকি ৪টি ম্যাচ ড্রয়ে শেষ হয়েছে। অতীত পরিসংখ্যানে স্পেন এগিয়ে থাকলেও সামপ্রতিক ফর্মে দুই দলই সমানে–সমান অবস্থানে রয়েছে। স্পেনের সবচেয়ে বড় শক্তি তাদের জমাট রক্ষণভাগ। এই বিশ্বকাপে স্প্যানিশরা এখনো পর্যন্ত কোনো গোল হজম করেনি। লুইস দে লা ফুয়েন্তের অধীনে পজিশনভিত্তিক ফুটবল এবং ক্লিন শিটের এই ধারাবাহিকতা ধরে রেখেই মাঠে নামবে তারা। অন্যদিকে, বেলজিয়াম টুর্নামেন্টে তাদের বিধ্বংসী আক্রমণভাগের প্রমাণ দিয়েছে। শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের রক্ষণভাগকে চূর্ণ–বিচূর্ণ করে ৪টি গোল করেছে তারা। চার্লস ডি কেটেলারে এবং রোমেলু লুকাকুদের নিয়ে গড়া বেলজিয়ামের এই আক্রমণভাগ স্পেনের নিখুঁত ডিফেন্সের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। মাঠের লড়াই দেখার অপেক্ষা এখন ফুটবলামোদীদের।












