মেসির পেনাল্টি দুর্বলতা

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ৯ জুলাই, ২০২৬ at ১১:৩০ পূর্বাহ্ণ

১০ বছর আগে কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টি শট আকাশে উড়িয়ে দিয়ে আর্জেন্টিনার শিরোপা হারানোর পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন লিওনেল মেসি। এক দশক পরও যুক্তরাষ্ট্রের মাটিতে পেনাল্টি থেকে গোল করতে তাঁর সমস্যার অবসান হয়নি। তবে ৩৯ বছর বয়সে বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেওয়ার পথে তাঁর ফুটবলজাদু সেই দুর্বলতাকে অনেকটাই আড়াল করে দিচ্ছে। আটবারের ব্যালন ডি’অর জয়ীর সর্বশেষ পেনাল্টি মিসে মঙ্গলবার শেষ ষোলোতে মিশরের বিপক্ষে বিদায়ের শঙ্কায় পড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসির পেনাল্টি ঠেকিয়ে দেন গোলরক্ষক মোস্তফা শোবেইর। এটি ছিল চলতি বিশ্বকাপে দ্বিতীবারের মতো মেসির পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ার ঘটনা। গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষেও তিনি পেনাল্টি বাইরে মেরেছিলেন। ফলে বিশ্বকাপের ইতিহাসে এক আসরে একাধিক পেনাল্টি মিস করা একমাত্র খেলোয়াড় এখন মেসি। এর আগে ২০১৮ সালে আইসল্যান্ড এবং চার বছর পর পোল্যান্ডের বিপক্ষেও পেনাল্টি মিস করেছিলেন মেসি। বিশ্বকাপে মোট চারটি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ার এই রেকর্ড অবশ্য তাঁর জন্য একেবারেই অনাকাঙ্ক্ষিত। ক্যারিয়ারে পেনাল্টি থেকে তাঁর সাফল্যের হার ১৫০ প্রচেষ্টায় ১১৬ গোল, অর্থাৎ প্রায় ৭৭ শতাংশযা বৈশ্বিক গড়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে বিস্ময়ের কথা হলো, যিনি অন্য সব দিক থেকে মোটেও সাধারণ নন এমন একজন খেলোয়াড়ের ক্ষেত্রে এই দুর্বলতা মোটেও মানানসই নয়। ২০১৬ সালের কোপা আমেরিকা ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি মিস করার পর ভেঙে পড়েছিলেন মেসি। অশ্রুসিক্ত অবস্থায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণাও দেন তিনি। সেই সময় পর্যন্ত আর্জেন্টিনার হয়ে কোনও বড় শিরোপা জেতা হয়নি তাঁর। বার্সেলোনার হয়ে অসাধারণ সাফল্য পেলেও দেশের হয়ে দিয়েগো ম্যারাডোনার মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন তখনও অপূর্ণই ছিল। তবে কয়েক মাসের মধ্যেই অবসরের সিদ্ধান্ত বদলে মাঠে ফেরেন তিনি। এক দশক পরে সেই সব সংশয় এখন অতীত। মেসির নেতৃত্বে আর্জেন্টিনা জিতেছে দুটি কোপা আমেরিকা এবং চার বছর আগে কাতারে বহু প্রতীক্ষিত তৃতীয় বিশ্বকাপ।

পূর্ববর্তী নিবন্ধমরক্কোর ডাগআউটে ওয়াহ্‌বির চমক
পরবর্তী নিবন্ধআজ বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় ওয়ানডে