পানিবন্দিদের পাশে দাঁড়ানোর আহ্বান

জামায়াত নেতা হেলালীর জলাবদ্ধ এলাকা পরিদর্শন

| বুধবার , ৮ জুলাই, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

টানা বর্ষণে চট্টগ্রাম নগরজুড়ে সৃষ্ট ভয়াবহ জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের খোঁজখবর নিতে বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা গতকাল মঙ্গলবার পরিদর্শন করেছেন নগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। পরিদর্শনকালে তিনি জলাবদ্ধতায় আটকে পড়া বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য শুকনা খাবার ও রান্না করা খাবার বিতরণের উদ্যোগ গ্রহণের পাশাপাশি দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

হেলালীর সঙ্গে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি, মোহাম্মদ ইলিয়াস।

অধ্যক্ষ হেলালী বলেন, টানা বর্ষণে নগরীর বহু এলাকায় মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেক বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এমন পরিস্থিতিতে বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদের এগিয়ে এসে পানিবন্দি মানুষের জন্য শুকনা ও রান্না করা খাবার সরবরাহ এবং জরুরি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মানবিক সংকট মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে।

পরিদর্শন শেষে তিনি মহান আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ তাআলা যেন চট্টগ্রামবাসীকে এই দুর্যোগ থেকে হেফাজত করেন, অতিবৃষ্টির কবল থেকে মুক্তি দান করেন এবং দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকারবালায় ইমাম হুসাইনের (রা.) ত্যাগ সত্যের পথে অবিচল থাকার শিক্ষা দেয়
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় চাল ও বৃক্ষরোপণ করল এ জে খান ফাউন্ডেশন