অবিরাম ভারী বর্ষণের সঙ্গে তীব্র বাতাসের কারাই চট্টগ্রাম নগরীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুতের তারের ওপর ভেঙে পড়েছে গাছ এবং চার জায়গায় নষ্ট হয়ে গেছে ট্রান্সফরমার। এ কারণে গতকাল সকাল থেকে নগরীর অনেক এলাকা জুড়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, টানা ভারী বৃষ্টিপাতের কারণে নগরীর চার জায়গায় ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে। অনেক এলাকায় গাছ ও গাছের ডাল ভেঙে পড়েছে। তবে দিনভর বৃষ্টিতে ভিজে রাত ১০টায় আর্জেন্টিনা–মিশরের খেলা শুরুর আগেই বিদ্যুৎকর্মীরা সংযোগ স্বাভাবিক করার চেষ্টা করেন এবং প্রায় নগরীর সব জায়গায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়ে ওঠে।
এই ব্যাপারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিতরণ দক্ষিণাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. ফজলুল হক আজাদীকে জানান, টানা ভারী বর্ষণে নগরীর অনেক এলাকায় বিদ্যুতের ট্রান্সফারমার নষ্ট হয়ে গেছে। ভারী বর্ষণের সাথে দমকা হাওয়ায় আসকার দীঘির পাড় এবং মহসিন কলেজের পেছনেসহ অনেক এলাকায় বিদ্যুতের তারের উপর গাছ ভেঙে পড়েছে। চার জায়গায় ট্রান্সফরমার নষ্ট হয়েছে। এই কারণে অনেক এলাকায় সকাল থেকে বিদ্যুতের সংযোগের বিভ্রাট ঘটেছে। আমাদের টিম এই ভারীর বৃষ্টির মধ্যে কাজ করছে। নষ্ট ট্রান্সফরমার ঠিক করা হচ্ছে। গাছ কেটে আস্তে আস্তে সংযোগ দেয়া হচ্ছে।











