কর্ণফুলী নদীতে নোঙর করা মাছ ধরার ট্রলারে আগুনে দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে।, রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান ওই ফিশিং ট্রলারের ২২ বছর বয়সী ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম। এ নিয়ে এফবি দেশ নামের ওই ফিশিং ট্রলারে আগুনের ঘটনায় দগ্ধ ছয়জনের মধ্যে তিনজনের মৃত্যু হল। খবর বিডিনিউজের।
ফিশিং ট্রলারটির ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ বলেন, গুরুতর দগ্ধ তামিম আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিনি বলেন, রাতে মারা যাওয়ার পর তামিমের মরদেহ তার বাড়ি সন্দ্বীপ উপজেলায় নিয়ে যাওয়া হয়। আছরের নামাজের পর জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
গত ৩০ জুন কর্ণফুলী নদীর সদরঘাট অংশে নোঙর করে রাখা ফিশিং ট্রলার এফবি দেশ এর ইঞ্জিন রুমে আগুন লাগে। তাতে ছয়জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে সেদিন রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ট্রলারটির দুই গ্রিজার রুবেল ও শাহ আলম মারা যান। আগুনে ওই ফিশিং ট্রলারের আরো তিনজন আহত হয়েছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা শেষে তারা বাসায় ফিরেছেন।
সাগর থেকে মাছ ধরা শেষে ২৯ জুন বেলা ২টার দিকে মাছ ধরার ট্রলারটি কর্ণফুলী নদীর সদরঘাট সাম্পান ঘাট সংলগ্ন অংশে নোঙর করে। পরদিন দুপুরে জাহাজের ইঞ্জিন কক্ষে হঠাৎ বিকট শব্দের পর আগুনের সূত্রপাত হয়। জেনারেটরের বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ট্রলারটির কর্মকর্তাদের ধারণা।











