সীতাকুণ্ডে এক নবজাতকের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ঢাকামুখী লেনে একটি পিকআপ ভ্যানের সাথে লাশবাহী গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা ৩ জন আহত হন। গতকাল রোববার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পৌরসভাস্থ উপজেলার দক্ষিণ বাইপাসে এ দুর্ঘটনাটি ঘটে। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
আহতরা হলেন সুফিয়া খাতুন, বিউটি বেগম ও আমির হোসেন। তাদের সকলের গ্রামের বাড়ি ফেনী জেলার সোনাগাজী। আহতদের মধ্যে আমির হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে ফাঁড়ির ইনচার্র্জ। সূত্র জানায়, সকাল পৌনে ১০টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে নবজাতকের লাশবাহী অ্যাম্বুলেন্সটি উপজেলার দক্ষিণ বাইপাস এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা একইমুখী পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং অ্যাম্বুলেন্সে থাকা তিনজন আহত হন। তবে অক্ষত ছিলেন শিশুটির মা মনোয়ারা বেগমসহ আরো দুজন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতকের লাশ নিয়ে ফেনী জেলার সোনাগাজী তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পথে এ ঘটনার কবলে পড়েন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নুরুল আফসার বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মৃত নবজাতকের বয়স মাত্র ৩ দিন। গাড়ি দুটিকে আটক করা হয়েছে।












