সমাজসেবা অধিদপ্তরাধীন সরকারি শিশু পরিবার (বালিকা), মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান এবং ছোটমনি নিবাস চট্টগ্রামের শিশুদের সাথে শুভেচ্ছা বিনিময় ও প্রতিষ্ঠান পরিদর্শনে আসেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
গতকাল শুক্রবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন সভাপতিত্বে ও চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আসন–৮ এর সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ–পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ–পরিচালক মো: মনিরুল ইসলাম, চট্টগ্রাম মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ (উপ–পরিচালক) মো: সাইফুল ইসলাম চৌধুরীসহ কর্মরত সহকারী পরিচালকগণ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। মন্ত্রী ৩টি প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শন করেন এবং সকল নিবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও অত্যন্ত আন্তরিকতার সাথে ভাব বিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত নিবাসী ও প্রাক্তন নিবাসীদের মাঝে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয় এবং সরকারি শিশু পরিবার (বালিকা), চট্টগ্রামের পক্ষ থেকে মেধাবৃত্তির চেক বিতরণ করেন। নিবাসীদের পড়াশোনার অগ্রগতি ও তাদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের সম্পর্কে জানতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন। শিশু পরিবার বালিকার নিবাসীরা তাদের প্রস্তুতকৃত ওয়ালমেট মন্ত্রীকে উপহার প্রদান করে। এছাড়াও চাকরির মাধ্যমে পুনর্বাসিত নিবাসীদের কাছ থেকে তাদের অনুভূতির কথা আন্তরিকতার সাথে শুনেন। মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে সমাজের সুবিধা বঞ্চিত মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাঁদের আর্থ–সামাজিক উন্নয়ন করা সর্বাধিক অগ্রাধিকারের বিষয়। সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের কর্মমুখী শিক্ষার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। প্রেস বিজ্ঞপ্তি।










