দক্ষিণ রাঙ্গুনিয়ার ধর্ষণ ও ডাকাতি মামলার আসামি হাটহাজারীতে গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৪ জুলাই, ২০২৬ at ৫:৫৮ পূর্বাহ্ণ

দক্ষিণ রাঙ্গুনিয়ায় এক শিক্ষকের বাড়িতে ডাকাতি এবং এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মাহবুব প্রকাশ মাল্লহকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব৭। গত বৃহস্পতিবার রাত ৯টায় হাটহাজারী এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহবুব রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের জয়নগর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ মে দক্ষিণ রাঙ্গুনিয়ার জয়নগর এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত ৩০ মে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ৫ জুন রাতে পদুয়া জয়নগর গ্রামের শিক্ষক মো. আব্দুল কুদ্দুসের বাড়িতে একদল সংঘবদ্ধ ডাকাত হানা দেয়। ডাকাত দল ঘরের সবাইকে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা ও আট ভরি স্বর্ণালঙ্কার লুট করে। এ সময় ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে গৃহকর্তা শিক্ষক আব্দুল কুদ্দুসসহ পরিবারের তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। ওই ঘটনায়ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়। উভয় মামলারই অন্যতম প্রধান অভিযুক্ত আসামি ছিল এই মাহবুব। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, ধর্ষণ ও ডাকাতির ঘটনার পর থেকেই আসামি মাহবুব দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব৭ হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং একই দিন দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করে। গতকাল শুক্রবার গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহল্যান্ড থেকে
পরবর্তী নিবন্ধমীরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে বালু বিক্রি, ৩ জনকে আটক করে জরিমানা