পতেঙ্গা সমুদ্র সৈকতের টানেল–সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাত নারীর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ১১টায় স্থানীয়রা টানেলে প্রবেশের আগে পতেঙ্গা বেড়িবাঁধের ঝোপের মাঝে নারীর মরদেহটি পড়ে থাকতে দেখে পতেঙ্গা থানাকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
পতেঙ্গা মডেল থানার সাব–ইন্সপেক্টর ইমরান জানান, খবর পেয়ে আমরা মহিলার লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছি। স্থানীয়রা আমাকে জানিয়েছেন ওই মহিলা ভিক্ষুক। ১০–১৫ দিন আগে ওই মহিলাকে তারা বৃষ্টিতে ভিজতে দেখেছেন। তখন তার গায়ে কিছু ছিলনা। পরনে একটি প্যান্ট ছিল। তারা তাকে খাবারও দিয়েছিল বলে জানান।
ওই মহিলার বয়স ৫০ এর কাছাকাছি। স্থানীয় ব্যবসায়ী মো. আলমগীর আজাদীকে জানান, টানেল–সংলগ্ন সৈকত এলাকায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে পতেঙ্গা থানায় ফোন দিলে পুুলিশ এবং স্থানীয়রা মিলে ঝোঁপের মাঝখান থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি ওই এলাকায় ঘোরাফেরা করা এক মানসিক ভারসাম্যহীন নারীর হতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয় এবং পরিচয় শনাক্তের কাজ চলমান রয়েছে জানায় পুলিশ।












