বারান্দায় পাপোশে সুস্থির
সাদা বেড়াল এখন সেটাই ভাবছে
কালো বেড়াল একটু আগে যা ভেবেছিল–
চুপচাপ বসে একটা লোক অলস হয়ে পড়ছে
সারা রাত ঘুমিয়েও এতো ঘুমকাতুরে
সকালের আনাজপাতি, কোথায় আমিষের থলে
সে যেন ভুলেই যাচ্ছে দিনের পর দিন
খাটের নিচে লুকিয়ে সতর্ক এক
ইঁদুরছানা আজ সে কথাই ভাবছে
বড় ইঁদুর কাল রাতে যা বলল আসরে–
শিকারীর স্বাদবদলের লোভ, সাদাকালো
গুঁড়ি মেরে এগিয়ে আসছে ধীরেসুস্থে
অকিঞ্চিৎকর এই আঁধারের দিকে প্রতি মুহূর্তে।










