সবকিছুর শেষ আছে। ফুটবল পরাশক্তিদের দাপটের দিনও ক্রমে শেষ হচ্ছে। বদলে যাচ্ছে বিশ্ব ফুটবলের চেনা সমীকরণ। এক সময়ের ফুটবল পরাশক্তিদের পেছনে ফেলে উঠে আসছে নতুন দেশ। বিশ্বকাপে গড়ে উঠছে নতুন সমীকরণ। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে শেষ বত্রিশ থেকে বিদায় করে দিয়ে সবচেয়ে বড় অঘটনের একটির জন্ম দেয় প্যারাগুয়ে। লাতিন আমেরিকার দেশটি জায়গা করে নেয় শেষ ষোলোয়। জানাশোনা থেকে করা হিসাব যেন আর মিলছে না। বিশ্বকাপের নিয়মিত দলগুলোর একটি ও দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে বিদায় নিয়েছে সেই গ্রুপ পর্ব থেকেই। তিনবারের ফাইনালিস্ট নেদারল্যান্ডসের পথচলাও থেমে গেছে শেষ বত্রিশে।
জার্মানি, নেদারল্যান্ডস ও উরুগুয়ে সব মিলিয়ে বিশ্বকাপে ১৩টি ফাইনাল খেলেছে। তাদের দ্রুত বিদায়ে ফুটবল শক্তিতে পালাবদলের ব্যাপারটি স্পষ্ট ফুটে উঠেছে। চারবারের চ্যাম্পিয়ন ইতালি, ছয়বার খেলেছে ফাইনালে। তারা টানা তিনবার থমকে গেছে বাছাই পর্বেই। ২০০৬ সালে সবশেষ শিরোপা জেতা ইতালি, ২০১৪ সালে সবশেষ শিরোপা জার্মানি ও ২০১০ সালে শিরোপা স্পেনের একটা জায়গায় দারুণ মিল। বিশ্বকাপ জয়ের পর এই তিন দলের কেউই এখন পর্যন্ত নকআউট পর্বে কোনো জয় পায়নি। অন্যদিকে উত্তর আমেরিকার দেশ মেঙিকো, যুক্তরাষ্ট্র, ও কানাডা জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়। সেখানে তাদের সঙ্গী প্যারাগুয়ে। আলজেরিয়া, মিশর, ঘানার মতো দেশগুলোর সামনে হাতছানি শেষ ষোলোয় যাওয়ার।
এই বিশ্বকাপের সবচেয়ে বড় চমক কেপ ভার্দে। প্রথমবারের মতো বিশ্ব আসরে খেলতে এসে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের গ্রুপ পড়েও কোনো ম্যাচ না হেরে জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। প্যারাগুয়ের বিপক্ষে হারের পর জার্মানি কোচ ইউলিয়ান নাগেলসমান তাদের ফুটবলের ক্রমেই পিছিয়ে যাওয়ার কথা স্বীকার করেছেন। ‘পরপর তৃতীয়বার আগেভাগে বিদায়ে এটা বলা ধৃষ্টতা হবে যে, আমরা বিশ্বের সেরা দলের একটি। আসলে আমরা তা নই।’ একই পরিস্থিতি ইতালিরও। এক সময়ে ফুটবলের এই মহাশক্তি সাফল্যের পথে ফিরতে নিজেদের ফেডারেশনের আমূল পরিবর্তন এনেছে। জার্মানির মতোই তাদের প্রতিটি পর্যায়ে পরিবর্তন প্রয়োজন। প্রশাসন থেকে শুরু করে জাতীয় দল, বয়সভিত্তিক পর্যায়ে প্রতিভা বিকাশ, সব জায়গায় পরিবর্তন প্রয়োজন।
ইতালির নতুন ফুটবল প্রধান জিওভান্নি মালাগো প্রয়োজনীয় পরিবর্তন এনে নতুন শুরুর দিকে তাকিয়ে আছেন। ‘আমাদের অতীত যেন নস্টালজিয়া বা বোঝার উৎসে পরিণত না হয়। আমাদের এটাকে নতুন মৌসুমের দিকে তাকানোর জন্য অনুপ্রেরণায় পরিণত করতে হবে– যা হবে সাহসী, জয়ী, বিনয়ী কিন্তু একই সঙ্গে উচ্চাকাঙ্খী। এখন আমাদের পরিবর্তন, নতুনত্ব ও মানসিকতায় পুরোপুরি বদল আনতে হবে। আমরা ব্যর্থ হয়েছি এক সঙ্গে এবং আমরা জিতবও এক সঙ্গে।’











