ফটিকছড়িস্থ মাইজভাণ্ডার দরবারে ২২তম আন্তর্জাতিক জশনে ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই আয়োজনের প্রস্তুতি, ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল মঙ্গলবার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সম্মেলন কক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এই সভায় অতিথি ছিলেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন, আওলাদে রাসুল (স.) হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) এবং নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)-এর ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।প্রশাসনিক সমন্বয় সভায় স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি উপস্থিত ছিলেন নাজিরহাট হাইওয়ে থানার ওসি আজিজুর রহমান, ফটিকছড়ি থানার পক্ষে এসআই আসম মাহমুদুল হাসান। এছাড়াও ফটিকছড়ি উপজেলা পল্লী বিদ্যুৎ, জনস্বাস্থ্য প্রকৌশল, ফায়ার সার্ভিস ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় আগামী ৯ সেপ্টেম্বরের মূল মাহফিলে আগত হাজারো আশেক ও ভক্তদের নিরাপত্তা বিধান, যাতায়াত নির্বিঘ্ন করা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিস্তারিত আলোচনা হয়। এতে সিদ্ধান্ত হয় যে, মাহফিলে আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের ব্যাপক মোতায়েন করা হবে। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, পানীয় জল ও ফায়ার সার্ভিস প্রস্তুত রাখার বিষয়েও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়। মাহফিলে ছদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন গাউছুল আজম মাইজভাণ্ডারীর সাজ্জাদানশীন হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী। সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। প্রেস বিজ্ঞপ্তি।












