আইসিসি মাসসেরা ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রেভস ও হেইলি ম্যাথিউস

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৯ আগস্ট, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেও, শেষ হাসি হাসতে পারলেন না বাংলাদেশের তানজিদ হাসান। টেস্টে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে পুরুষ ক্রিকেটে জুলাইয়ের সেরা নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রেভস। আর ওয়ানডের পারফরম্যান্সের জন্য নারী ক্রিকেটে সেরা হয়েছেন তারই স্বদেশি হেইলি ম্যাথিউস। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা মঙ্গলবার এক বিবৃতিতে গত মাসের দুই সেরা পারফরমারের নাম জানিয়েছে। সেরা হওয়ার পথে গ্রেভস পেছনে ফেলেছেন বাংলাদেশের ওপেনার তানজিদ ও ইংল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি ব্রুককে। আর ম্যাথিউস হারিয়েছেন ইংলিশ ব্যাটার ন্যাট সিভারব্রান্ট ও শ্রীলঙ্কার ব্যাটার হার্শিথা সামারাউইক্রামাকে। গত মাসে টেস্ট ক্রিকেটে ব্যাট ও বল হাতে ধারাবাহিকভাবে ভালো করেন গ্রেভস। অ্যান্টিগায় শ্রীলঙ্কার বিপক্ষে ড্র হওয়া দ্বিতীয় টেস্টে ৩২৫ বলে ১৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। সঙ্গে বল হাতে একটি উইকেট নিয়ে ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরার পুরস্কারও জেতেন ৩২ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার। সিরিজটি ১০তে জিতে ওয়েস্ট ইন্ডিজ। পরে ত্রিনিদাদে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে আবারও জ্বলে ওঠেন গ্রেভস। প্রথম ইনিংসে তিনি ২৭ রানে নেন ৫ উইকেট। অবিশ্বাস্য এক স্পেলে টানা পাঁচ ওভারে কোনো রান না দিয়েই নেন ৫ উইকেট। দলের বড় জয়ের ওই ম্যাচে দ্বিতীয় ইনিংসে ১২ রানে ২ উইকেট নিয়ে ‘ম্যান অব দা ম্যাচ হন’ তিনি। এই সময়ে দুটি টেস্ট খেলে ৭১.৬৬ গড়ে ২১৫ রান করার পাশাপাশি ১০.২৫ গড়ে ৮টি উইকেট নেন গ্রেভস।

আয়ারল্যান্ডের বিপক্ষে ৩০ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজে ব্যাটেবলে দাপট দেখান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ম্যাথিউস। প্রথম ম্যাচে ৫২ রানে ৩ উইকেট নেওয়ার পর, ১২৩ বলে অপরাজিত ১৫৯ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় ম্যাচে ৩৪ রানে ২ উইকেট নেওয়ার পর, ৯৪ বলে করেন ১০০ রান। দুই ম্যাচেই হন ‘প্লেয়ার অব দা ম্যাচ।’ তৃতীয় ম্যাচে ব্যাট হাতে অল্পে আউট হলেও, ৩৭ রানে ২ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন ম্যাথিউস। তিন ম্যাচে ১৩২.৫০ গড়ে সিরিজের সর্বোচ্চ ২৬৫ রান করার পাশাপাশি বল হাতে দ্বিতীয় সর্বোচ্চ ৭ উইকেট নেন তিনি। ২৮ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডার অনুমিতভাবে জেতেন সিরিজ সেরার পুরস্কারও।

পূর্ববর্তী নিবন্ধফুটবল টাইগারপাস ও আইয়ুব বিবি স্কুলের জয়
পরবর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা