আইআইইউসির রোভার স্কাউটস গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মাধ্যমে নতুন সদস্যরা দীক্ষা গ্রহণ করে রোভার স্কাউট হিসেবে তাদের নতুন যাত্রা শুরু করেন।
শুরুতে লাইব্রেরি চত্বর থেকে এক র্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। তিনি রোভার স্কাউটিংয়ের আদর্শ ধারণ করে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে রোভার সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা রোভারের এল.টি. কমিশনার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী এবং ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন রোভার স্কাউটস গ্রুপের সম্পাদক প্রফেসর ড. মো. তৌহিদুল ইসলাম। বক্তারা বলেন, রোভার স্কাউটিং তরুণদের নেতৃত্ব, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা নতুন সদস্যদের দেশ ও সমাজের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান।
বক্তব্য রাখেন স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের সম্পাদক এ. জেড. এম. বোরহান উদ্দীন, জেলা রোভারের সহকারী কমিশনার প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, প্রক্টর প্রফেসর মোস্তফা মুনির চৌধুরী। উপস্থিত ছিলেন ভাইস–চ্যান্সেলর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ইদ্রিস চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, রোভার সদস্য ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের একপর্যায়ে নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে দীক্ষা প্রদান করা হয়। দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে তারা রোভার স্কাউটের আদর্শ, শৃঙ্খলায় উদ্বুদ্ধ হয়ে সংগঠনের কার্যক্রমে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।










