কাতারে যুক্তরাষ্ট্র-ইরানের পরোক্ষ কারিগরি আলোচনা শুরু

| বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৫:১৫ পূর্বাহ্ণ

কাতারে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ কারিগরি আলোচনা শুরু হয়েছে। গতকাল বুধবার একটি সূত্র জানিয়েছে, আলোচনা চলছে এবং এটি প্রযুক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ। তবে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে কোনো মুখোমুখি বৈঠকের পরিকল্পনা নেই। খবর বাংলানিউজের।

সূত্র জানায়, দোহায় অন্তত তিনটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। এগুলো পারমাণবিক ইস্যু, কূটনৈতিক বিষয় এবং অর্থায়নসহ জব্দকৃত তহবিল ফেরত দেওয়ার মতো বিষয় নিয়ে আলোচনা করছে।

মার্কিন দূত স্টিভ উইটকফ ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তারা আলোচনার ভিত্তি তৈরি করেছেন বলে জানা গেছে। তবে নিজেরা সরাসরি আলোচনায় অংশ নিচ্ছেন না।

এ মাসের শুরুতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে তেহরান ও ওয়াশিংটন একটি সমঝোতা স্মারকে সম্মত হয়। এরপরই মার্কিন প্রতিনিধিরা কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেন। তবে ট্রাম্প দাবি করেছিলেন, সমঝোতা অনুসারে মঙ্গলবারই যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনায় বসবেন। ইরান এ দাবি সরাসরি খারিজ করে দিয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কথা বলবে না, মধ্যস্থতাকারীদের মাধ্যমেই আলোচনা চলবে।

পূর্ববর্তী নিবন্ধদিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ে স্লিপার বাসে আগুন, নিহত ৭
পরবর্তী নিবন্ধপাকিস্তানের লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত