চট্টগ্রাম জেলা স্টেডিয়াম গেট সংলগ্ন জনপ্রিয় চা আড্ডাকেন্দ্র ফ্রেশিয়ানে মালাই চায়ের স্বাদ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। গতকাল বুধবার সকাল প্রায় ১১টার দিকে তিনি চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেল থেকে হেঁটে ফ্রেশিয়ানে আসেন। এ সময় তিনি মালাই চা প্রস্তুতের প্রক্রিয়া এবং এতে ব্যবহৃত উপকরণ সম্পর্কে জানতে চান। চা প্রস্তুতকারীদের সঙ্গে কথা বলে তিনি জানতে চান, কীভাবে এই বিশেষ চা তৈরি করা হয় এবং এর জনপ্রিয়তার কারণ কি? পরে মার্কিন রাষ্ট্রদূত মালাই চা পান করেন এবং এর ভূয়সী প্রশংসা করেন। খবর বাংলানিউজের।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমি শুনেছি চট্টগ্রামের এই মালাই চা বেশ জনপ্রিয়। তাই নিজে এসে এর স্বাদ নিতে চেয়েছি। চা খেয়ে আমার খুব ভালো লেগেছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে চট্টগ্রামে আবার আসার সুযোগ হলে ফ্রেশিয়ানে এসে মালাই চা পান করতে চাইবেন।










