নগরবাসীর সমস্যার কথা শুনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

মাসিক ওপেন হাউজ ডে কর্মসূচি

আজাদী প্রতিবেদন | বুধবার , ১ জুলাই, ২০২৬ at ৫:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মাসিক ‘ওপেন হাউজ ডে’ কর্মসূচিতে নগরবাসীর বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। এ সময় কয়েকজন সেবাপ্রত্যাশী তাৎক্ষণিক সমাধান পেয়ে সন্তোষ প্রকাশ করেন। গতকাল মঙ্গলবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দামপাড়ায় সিএমপি সম্মেলন কক্ষে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। সিএমপির কমিশনার হাসান মো. শওকত আলী সেবাপ্রত্যাশীদের অভিযোগ, সমস্যা ও বিভিন্ন আবেদন মনোযোগ দিয়ে শোনেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ওপেন হাউজ ডেতে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ–পুলিশ কমিশনার (ডিবি–দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক–উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধহাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা
পরবর্তী নিবন্ধনকশাবহির্ভূতভাবে নির্মিত ৭টি ভবন ও অনুমোদনহীন গুদাম সীলগালা