কর্ণফুলী নদীর বন্দর চ্যানেলে দুইটি লাইটারেজ জাহাজের মুখোমুখি সংঘর্ষে একটি জাহাজ ডুবে গেছে। গত সোমবার রাত ৩ টা নাগাদ পতেঙ্গা থানাধীন কর্ণফুলী নদীর ১৮ নং ঘাট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানিয়েছে, এম ভি বে হারবার–২ নামের একটি লাইটার জাহাজ পণ্য নিয়ে ঢাকা যাচ্ছিল। কর্ণফুলী নদীর ১৮ নম্বর ঘাট এলাকায় পৌঁছালে অপর লাইটারেজ জাহাজ এমভি সামুদা–৬ এর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এমভি বে হারবার জাহাজটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং জাহাজের হাল ফেটে যায়। জাহাজটিতে পানি প্রবেশ করার ফলে এটি একপাশে হেলে পড়ে। এমতাবস্থায়, জাহাজটি কিছুদূর অতিক্রম করার পরে বহিঃনোঙর বয়া নং ২ ও ৩ এর মধ্যবর্তী স্থানে প্রায় সম্পূর্ণ ডুবে যায়। এই সময় জাহাজের ৪ জন নাবিক সাগরে পড়ে যান এবং ৮ জন জাহাজটিতে আটকা পড়েন।
দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট পতেঙ্গা নাবিকদের উদ্ধারে অভিযান শুরু করে। এসময় ডুবে যাওয়া জাহাজে অবস্থানরত ১২ জন ক্রু এর মধ্যে ৮ জনকে তৎক্ষণাৎ কোস্ট গার্ডের উদ্ধারকারী দল জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও, অপর ৪ জন নিখোঁজ ক্রু প্রবল স্রোতের টানে পারকির চরের দিকে ভেসে যায় এবং নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ক্রুদের প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য সহায়তা প্রদান এবং সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন নাবিকদের উদ্ধার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।












