চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নির্বাচিত হওয়ার পর এবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন বাছাই কমিটির সদস্য হলেন আনোয়ারা–কর্ণফুলী আসন থেকে নির্বাচিত ৪ বারের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের আদেশক্রমে সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা–১ এর উপসচিব মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি জানা গেছে।
সচিবালয়ের মানব সম্পদ শাখা–১ এর উপ সচিব মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয় সংসদ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারি নিয়োগ বিধিমালা ১৯৯৪ (২০২১ সালের অক্টোবর পর্যন্ত সংশোধিত) এর ৫(ক) বিধি মালা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্পিকার সাত সদস্যের সংসদ সদস্যের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন বাছাই কমিটি গঠন করেছেন। ৭ সদস্যের কমিটির সদস্যের মধ্যে বাংলাদেশ বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও আনোয়ারা–কর্ণফুলী আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম ও চট্টগ্রাম–১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর নাম রয়েছে। সাত সদস্যের গঠিত এ কমিটি সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও তার সময় মর্যাদা সম্পন্ন পদসমূহে পদোন্নতির বিষয়ে সুপারিশ প্রদান করবেন এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব উর্ধতন বাছাই কমিটিকে সাচিবিক সহায়তা করবেন বলে জানা গেছে।











