জয়ের লক্ষ্য নিয়ে আজ জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে সফরকারী বাংলাদেশ ক্রিকেট দল। এবারের জিম্বাবুয়ে সফরে একটি টেস্ট ছাড়াও তিন ম্যাচের ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে একমাত্র টেস্টটি শুরু হবে। এর মধ্য দিয়ে চার বছর পর পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করছে বাংলাদেশ দল। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেই একমাত্র টেস্ট খেলতে নামছে বাংলাদেশ–জিম্বাবুয়ে। একমাত্র টেস্ট ম্যাচের পর হারারেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬, ৯ ও ১১ জুলাই। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে। এরপর বুলাওয়েতে ১৫, ১৭ ও ১৯ জুলাই তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ দিয়ে জিম্বাবুয়ে সফর শেষ করবে বাংলাদেশ। তিন ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে। ২০২৫ সালের এপ্রিলে সর্বশেষ টেস্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ–জিম্বাবুয়ে। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজ ১–১ সমতায় শেষ হয়। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত খেলা সর্বশেষ ছয় টেস্টের মধ্যে বাংলাদেশের বিপক্ষে সেটিই ছিল জিম্বাবুয়ের একমাত্র জয়। ২০২১ সালে সর্বশেষ জিম্বাবুয়ের মাটিতে টেস্ট খেলেছে বাংলাদেশ। এক ম্যাচের টেস্ট ২২০ রানে জিতেছিল টাইগাররা।











