মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কা, হাসপাতালে মৃত্যু ব্যবসায়ীর

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ২৬ জুন, ২০২৬ at ৫:১৬ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় আহত এক মোটর গ্যারেজ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত বুধবার রাত ১১টার দিকে মীরসরাই উপজেলার বারইয়ারহাট পৌর এলাকার এ দুর্ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার রাত দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোহাম্মদ আলী (৫০) হিঙ্গুলী ইউনিয়নের দক্ষিণ মেহেদীনগর গ্রামের ফকির আহমদের ছেলে। বারইয়ারহাট পৌর বাজারে তার গাড়ি মেরামতের পার্টসের দোকান ও গ্যারেজ ছিল।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে গ্যারেজের কাজ শেষে বাড়ি ফিরছিলেন মোহাম্মদ আলী। পথে বারইয়ারহাট পৌর বাজারের গ্রীন টাওয়ার এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তার মৃত্যু হয়।

নিহতের প্রতিবেশী কামরান মেহেদী বলেন, বারইয়ারহাট পৌর বাজারে মোহাম্মদ আলীর গাড়ি মেরামতের যন্ত্রাংশের দোকান ও গ্যারেজ ছিল।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফুজ্জামান বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে কাভার্ড ভ্যানচালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমুরাদপুরে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতি নিহত
পরবর্তী নিবন্ধপঞ্চম তদন্তেও স্কুলছাত্রী তাসফিয়ার আত্মহত্যার তথ্য