নগরীর মুরাদপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষক দম্পতি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মুরাদপুরের এন মোহাম্মদ কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মারা যাওয়া শিক্ষকের নাম মো. নাজিম উদ্দিন (৪৮) ও তার স্ত্রীর তাসলিমা আক্তার (৩৮)। এদের মধ্যে নাজিম উদ্দিন চকবাজার ডিসি রোড এলাকার উইলস স্টার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও তাসলিমা আক্তার একই স্কুলের উপাধ্যক্ষ বলে জানা গেছে। তারা রাউজানের ডাবুয়া ইউনিয়নে খোসাল তালুকদার বাড়ির বাসিন্দা। বর্তমানে নগরীর চকবাজার ডিসি রোড এলাকায় থাকেন। জানা গেছে, নিহত মো. নাজিম উদ্দিন রাউজান সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক ছিলেন। এদিকে কভার্ডভ্যান চালককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, নাজিম উদ্দিন স্ত্রীকে নিয়ে স্কুটি চালিয়ে বহদ্দারহাটের দিকে যাচ্ছিলেন। মুরাদপুর এলাকায় তাদেরকে কভার্ডভ্যান পেছন থেকে চাপা দেয়। উদ্ধার কাজে সহায়তাকারী শহিদুল ইসলাম জানান, তারা দুজন মোটরসাইকেলে ছিলেন। পিছন দিক থেকে কাভার্ডভ্যান চালক তাদের চাপা দিলে বাইক থেকে ছিঁটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্বামী–স্ত্রীকে পথচারীদের সহযোগিতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, মুরাদপুরের এন মোহাম্মদ মোড় এলাকায় একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে দম্পতি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পথচারীদের সহায়তায় তাদের চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। নিহত দম্পতির মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।












