জন্মদিন ও বিশ্ব বাবা দিবস উপলক্ষে নৃত্যশিল্পী, মডেল–অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌকে ব্যতিক্রমী উপহার দিয়েছেন বিশ্বরঙের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। তিনি নির্মাণ করেছেন বিশেষ একটি মিউজিক ভিডিও। খবর বাংলানিউজের।
নতুন সংগীতায়োজনে তুলে ধরা হয়েছে মৌয়ের বাবা, প্রয়াত সংগীতশিল্পী সাইফুল ইসলামের জনপ্রিয় একটি গান। ‘সোনার কাঠি রূপোর কাঠি তোমার হাতে দিলাম’ শিরোনামের গানটির কথা লিখেছেন নঈম দোহার, সুর করেছেন নওয়ার পারভেজ এবং নতুন সংগীতায়োজন করেছেন রাজন সাহা। ভিডিওটির বিশেষ আকর্ষণ হলো, দীর্ঘ শিল্পীজীবনে এই প্রথম কোনো গানে নিজের কণ্ঠে কবিতা পাঠ করেছেন সাদিয়া ইসলাম মৌ। নৃত্য, অভিনয় ও মডেলিংয়ের বাইরে এটি তার এক নতুন শিল্পীসত্তার প্রকাশ।
বিপ্লব সাহা বলেন, মৌ আমাদের সাংস্কৃতিক অঙ্গনের অনন্য একজন শিল্পী। তার জন্মদিন ও বাবা দিবস একই দিনে হওয়ায় এমন একটি উপহার দিতে চেয়েছি, যা তার হৃদয় ছুঁয়ে যাবে। সাইফুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি নতুনভাবে উপস্থাপন করেছি। মিউজিক ভিডিওটির চিত্রগ্রহণ করেছেন অনিক ছন্দ, সম্পাদনা করেছেন তুষার। গত রোববার বিশ্বরঙ ও বিপ্লব সাহার ইউটিউব চ্যানেলের পাশাপাশি বিশ্বরঙের অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করা হয় গানটি। জন্মদিন ও বাবা দিবসের বিশেষ আয়োজনের মাধ্যমে একদিকে যেমন সাইফুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে, অন্যদিকে বাবা–মেয়ের আবেগঘন সম্পর্কও শিল্পিতভাবে তুলে ধরা হয়েছে।











