অবশেষে গ্যালারিতে ভোজিনহার মা

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৩ জুন, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচে অবিশ্বাস্য পারফর্ম করে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছেন কেপ ভার্দে দলের গোলরক্ষক জোসিমার জোসে ইভোরো দিয়াস যিনি ফুটবল বিশ্বে ‘ভোজিনহা’ নামে পরিচিত। অবশেষে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে নিজের মায়ের উপস্থিতি দেখতে পেলেন তিনি। উরুগুয়ের বিপক্ষে ম্যাচের সময় সমপ্রচারকারী ক্যামেরায় বারবার গ্যালারিতে বসা তার মা আনা ইভোরাকে দেখানো হচ্ছিল। ক্যালিফোর্নিয়ার গ্যালারিতে তিনি যখন ছেলের দলের জন্য গলা ফাটাচ্ছিলেন, ঠিক তখনই ঘটে দিনের অন্যতম সেরা মুহূর্তটি। ফিফা সভাপতি জান্নি ইনফান্তিনো ব্যক্তিগতভাবে আনা ইভোরার আসনে গিয়ে তাকে অভিবাদন জানান এবং পরম মমতায় বুকে জড়িয়ে ধরেন। পরবর্তীতে ইনফান্তিনো নিজেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিশেষ মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেন, যা মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। মায়ের উপস্থিতির এই অনুপ্রেরণা মাঠেও কাজে লেগেছে।

উরুগুয়ের বিপক্ষে ম্যাচেও দুর্দান্ত লড়াই করে ২২ গোলের ঐতিহাসিক ড্র আদায় করে নিয়েছে কেপ ভার্দে। ম্যাচ শেষে ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে আনা ইভোরা আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমার হৃদয় যেন মুখের কাছে চলে এসেছিল। এটা অবিশ্বাস্য সুন্দর এক অনুভূতি। আমি কেপ ভার্দে এবং যারা আমাদের বিশ্বাস করেছে, তাদের সবার জন্য গর্বিত।’

পূর্ববর্তী নিবন্ধএবার উরুগুয়ের বিপক্ষে ড্র কেপ ভার্দের
পরবর্তী নিবন্ধকিপার আলি রেজার বীরত্বে বেলজিয়ামকে রুখে দিল ইরান