খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট নিরসনে গভীর নলকূপ ও সাবমারসিবল মোটর স্থাপন করেছে সেনাবাহিনীর দীঘিনালা জোন। গতকাল সোমবার বাবুছড়া ইউনিয়নের ধনপাতা ছড়া এলাকার করুনা চাঁন বাঙ্গালো কার্বারী পাড়ায় স্থাপিত গভীর নলকূপটির উদ্বোধন করা হয়। দীঘিনালা জোনের সার্বিক সহায়তায় বাস্তবায়িত এ উদ্যোগের ফলে এলাকার ১০৫টি পরিবার বিশুদ্ধ পানির সুবিধা পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা জোন কমান্ডার লে.কর্ণেল আল–আমিন। এ সময় বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, স্থানীয় হেডম্যান, কার্বারী, উপকারভোগী পরিবার ও এলাকার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে বিশুদ্ধ পানির সংকট দীর্ঘদিনের একটি সমস্যা। সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের পানির সংকট নিরসনে সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।












