বাবা শুধু তোমার জন্য

পূর্বা চৌধুরী | রবিবার , ২১ জুন, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

বাবা, গভীরতম অনুভূতির নাম, সন্তানের জীবনের শ্রেষ্ঠ আশ্রয়। বাবা তিনিই যিনি নিজের সকল আরাম আয়েশ আর চাওয়াকে তুচ্ছ করে শুধুমাত্র সন্তানের মুখে হাসি ফোটাতে জীবনের শেষ পর্যন্ত লড়াই করে যান, কখনো চরম যন্ত্রণা আর আঘাত পেলে ও নীরবে কাঁদেন। নীরবতার আড়ালে লুকিয়ে রাখেন সন্তানের প্রতি এক আকাশ ভালোবাসা। তাই বাবা মানে, উত্তপ্ত সূর্যের নিচে সন্তানের শীতল ছায়া, নির্ভরতার আকাশ, আর নিরাপত্তার চাদর। আমি দেখেছি আমার দেবতুল্য বাবাকে, যার হাত ধরেই আমি চিনেছি বিচিত্র এই পৃথিবীকে, ভালোবাসতে শিখেছি প্রকৃতি, মানুষ আর সংগীতকে। যার মুখের ‘মা’ ডাকটি শুনতে বড় বেশি ভালোবাসি। যিনি সারাটি জীবন নিবেদন করছেন শিক্ষকতার মত মহান পেশায়, হাজার, হাজার শিক্ষার্থীদের গড়েছেন নিজের সন্তানতূল্য মমতায়। বাবার কাছেই শিখেছি, মানুষে মানুষে কোনই ভেদাভেদ নেই আর ত্যাগই জীবনের সবচেয়ে বড় শান্তি। পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করলেও এক সহজ, সরল, অতিসাধারণ জীবন যাপনে অভ্যস্ত ছিলেন বাবা। তাঁর মনটা শিশুর মত কোমল আর নরম, ছিলেন মানব দরদী। নিজে না খেয়েও মানুষকে খাইয়ে আনন্দ পেতেন। বাবাই জীবনের নানা ঘাত প্রতিঘাতে, সুখে দুঃখে সবসময় পাশে থেকে দিয়েছেন সাহস জুগিয়েছেন প্রেরণা। বাবা, আমার জীবনের গাইড, শিক্ষক, পথপ্রদর্শক, বেঁচে থাকার প্রেরণা। বাবা, এক আকাশ ভালোবাসা শুধু তোমার জন্য। তেমন বাবার সন্তান হয়ে আমি পৃথিবীতে ধন্য। আমার জীবনের যা কিছু প্রাপ্তি, যা কিছু অর্জন সব শুধু তেমারই জন্য। সে সন্তান ভাগ্যবান যে কিনা বাবার স্নেহ মমতা, শাসন আর নির্ভরতার ছায়ায় বড় হয়। আর জীবন কতটা কঠিন আর বাস্তবতা কতটা নির্মম তা বুঝে বাবা ছাড়া বড় হওয়া সন্তান! যার বাবা নেই, সেই বুঝে বাবা না থাকার বেদনা। তাই বাবার ভালোবাসা আর ত্যাগের মূল্যায়ন করা এবং তাঁর প্রতি কৃতজ্ঞ থাকা প্রত্যেক সন্তানেরই দায়িত্ব। কারণ বাবা মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে যে সন্তান চলতে পারে, সে সন্তান সবচেয়ে ভাগ্যবান। বাবা দিবসে, পৃথিবীর সকল বাবাকে বিনম্র শ্রদ্ধা।

পূর্ববর্তী নিবন্ধবাবাকে খুব মনে পড়ে
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে