বাবা থাকুক হৃদয়ের মণিকোঠায়

আলতাফ হোসেন হৃদয় খান | রবিবার , ২১ জুন, ২০২৬ at ৬:০২ পূর্বাহ্ণ

বাবা অকৃত্রিম ভালোবাসার এক মায়াভরা সম্পর্কের নাম। দুনিয়ার সকল সম্পর্ক জুড়ে বাবা এক নিঃস্বার্থের স্বর্গীয় সম্পর্ক। যা কেবল মায়া, মমতা, ভালোবাসা দিয়ে অনুধাবন করা যায়। বাবারা নিজেদের খেয়াল না রেখে সন্তানের সকল আবদার পূরণে যে অগ্রণী ভূমিকা পালন করে তা পৃথিবীর আর কোনো সম্পর্কে পাওয়া যায় না। শুধু বাবারা শেষ বয়স অব্দি সর্বস্ব দিয়ে বটবৃক্ষের ছায়ার ন্যায় সন্তানদের যেভাবে আগলে রেখে, আদর যত্ন দিয়ে প্রকৃত মানুষ গড়ার চেষ্টা করে। বাবা অসীম ভালোবাসার এমন একজন মানুষ, যিনি সন্তানের স্বপ্ন পূরণের জন্য নিজের জীবন উৎসর্গ করতে সদা প্রস্তুত। তাঁর পরিশ্রমের কথা তিনি হয়তো কমই বলেন, কিন্তু সন্তানদের জন্য তাঁর প্রতিটা কাজে লুকিয়ে থাকে ভালোবাসার গভীর ছাপ।

বাবা তার সন্তানের ছায়া স্বরূপ প্রায়শই পাশে দাঁড়ায়, সন্তানের জীবনে যত বড় ঝড়ঝাপটা আসুক তিনি নিজেই প্রাচীর হয়ে দাঁড়ান। যদি নিঃস্বার্থ ভালোবাসার কথা বলা হয়, তাহলে বাবাই একমাত্র সন্তানদের নিঃস্বার্থে ভালোবাসেন। কিন্তু সন্তানেরা বাবাদের এমন অসীম ভালোবাসার কোনো প্রতিদান দিয়ে শোধ করতে পারে না এমনকি পৃথিবীতে এমন কিছু নেই যা দিয়ে বাবাদের ভালোবাসার প্রতিদান দেওয়া যায়! বাবা আমাদের প্রতিদিনের ভালোবাসার পাত্র হোক, বাবা আমাদের প্রার্থনায় থাকুক, বাবা থাকুক হৃদয়ের মণিকোঠায়।

পূর্ববর্তী নিবন্ধরুদ্র মুহম্মদ শহিদুল্লাহ : কবি ও গীতিকার
পরবর্তী নিবন্ধবাবা মানে বটবৃক্ষ