ইউক্রেন বৃহস্পতিবার মস্কোতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে। এতে রাজধানী ও এর আশপাশের এলাকায় আগুন লেগে যায় এবং দেশের সবচেয়ে বড় বিমানবন্দর থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। খবর বাসসের।
দেশটির কর্মকর্তারা এতথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যাচাই না করা ভিডিওতে শহরের আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। অন্য একটি ভিডিওতে আকাশে ড্রোন উড়তে দেখা গেছে বলে দাবি করা হয়। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি খবর জানিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যাঞ্চলীয় শহর কাজানে দক্ষিণ–পূর্ব এশিয়ার নেতাদের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা আগে বড় ধরনের এই হামলা চালানো হয়। মস্কো থেকে কাজানের দূরত্ব প্রায় ৭০০ কিলোমিটার। চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে থাকায়, সামপ্রতিক মাসগুলোতে রাশিয়ায় ড্রোন হামলা বাড়িয়েছে কিয়েভ। বিশেষ করে, মস্কোর যুদ্ধ তহবিলে অর্থ জোগানো তেল শোধনাগারগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে লিখেছেন, বিমান প্রতিরক্ষা বাহিনী বড় আকারের হামলা প্রতিহত করে যাচ্ছে। কয়েকটি ড্রোন এমএনপিজেড (মস্কো তেল শোধনাগার) পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছে। শোধনাগারটির ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি কিছু জানাননি।












