বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে ব্যান্ড শিরোনামহীন প্রকাশ করেছে তাদের নতুন গান ‘যুদ্ধ’। এটি তাদের নবম অ্যালবামের প্রথম গান। শিরোনামহীনের ইউটিউব চ্যানেল ও ফেসবুকে শোনা যাচ্ছে গানটি। খবর বিডিনিউজের।
জিয়াউর রহমান জিয়ার কথায় গানটির সুর করেছেন জিয়াউর রহমান ও কাজী আহমেদ শাফিন। ‘পৃথিবীর সব মিসাইল ফড়িং হয়ে উড়ে যাক, ড্রোন থেকে বোমার পরিবর্তে ঝরে পড়ুক ফুল, গ্রেনেডের মুখে ফুটুক রক্তগোলাপ, পৃথিবীর সব সংঘাত বদলে যাক শান্তিতে’– এমন কথার গানে যুদ্ধ বন্ধের আকুতি জানিয়েছে দলটি। গানটি নিয়ে ব্যান্ডটির দলনেতা, বেজ গিটারিস্ট ও গীতিকার জিয়াউর রহমান জিয়া বলেছেন, ২০২৫ সালে বিশ্বজুড়ে যুদ্ধ, সংঘাত, সহিংসতায় প্রায় ২ লাখ ৪৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ও সংঘাতপূর্ণ বছরগুলোর একটি। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। আমাদের গানে সেই বার্তায় তুলে ধরেছি। ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রায় তিন দশক ধরে দর্শক ও শ্রোতাদের জনপ্রিয় গান উপহার দিয়ে আসছে ‘শিরোনামহীন’। ২০০৪ সালে প্রকাশ হয় ‘শিরোনামহীনের’ প্রথম অ্যালবাম ‘জাহাজী’। এই অ্যালবাম দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পায় ব্যান্ডটি। ‘শিরোনামহীনের’ লাইনআপে আছেন জিয়াউর রহমান, কাজী আ হমেদ শাফিন, শেখ ইশতিয়াক, সাইমন চৌধুরী এবং সুদীপ্ত সিনহা দীপু।












