অপটিক্যাল ফাইবারের কাজে কাটা পড়ল ওয়াসার পাইপ, পানিতে ভাসলো চেরাগী মোড়

৩ ঘণ্টা পর লাইনে পানি সরবরাহ বন্ধ করে মেরামত কাজ শুরু

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৮:১৫ পূর্বাহ্ণ

অপটিক্যাল ফাইবারের কাজ করার সময় চেরাগী পাহাড় এলাকায় ওয়াসার পাইপ লাইন কাটা পড়ে পুরো এলাকা পানিতে ভেসে যায়। প্রায় তিন ঘণ্টা পর ওয়াসার টেকনিক্যাল টিম এসে মেরামতের কাজ শুরু করলে পানি পড়া বন্ধ হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোর ৫টা থেকে চেরাগী পাহাড় মোড়ে ওয়াসার পাইপ লাইন ফুটো হয়ে তীব্র গতিতে পানি বের হতে থাকে। এসময় জামালখান থেকে চেরাগী পাহাড় মোড়ে আসার পথটি পানিতে সয়লাব হয়ে যায়। চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, বিটিআরসির অধীন থেকে ‘বাহন’ নামক একটি কোম্পানি জামালখানে অপটিক্যাল ফাইবার লাইনের কাজ করছিল। এসময় জামালখানস্থ চেরাগী পাহাড়ের মোড়ে ওয়াসার ২৪ ইঞ্চি ট্রান্সমিশন লাইনের পাইপ কাটা পড়ে পানি বের হতে থাকে। খবর পেয়ে ওয়াসার লোকজন এসে পানি বন্ধ করে মেরামতের কাজ শুরু করেন। এই ব্যাপারে চট্টগ্রাম ওয়াসার মড৪ এর নির্বাহী প্রকৌশলী সমিত পাল আজাদীকে জানান, একটি কোম্পানি বিটিসিএলএর অপটিক্যাল ফাইবারের কাজ করার সময় চেরাগী পাহাড় এলাকায় আমাদের ওয়াসার পুরনো একটি লাইনে কাটা পড়ে। এতে পানি বের হতে থাকে। খবর পেয়ে আমরা পানি বন্ধ করে কাজ শুরু করেছি। সকাল থেকে সারাদিন কাজ চলছে। সারারাত চলবে। আশা করছি, সকালের মধ্যে কাজ শেষ হবে। তারপর পানি সরবরাহ শুরু হবে। আজকে (গতকাল) এমনিতেই এ এলাকায় পানি সরবরাহ বন্ধ থাকার দিন। ওইখানে আমাদের দুটি লাইন। একটি নতুন লাইন, একটি পুরাতন লাইন। দুই লাইনেই পানি সরবরাহ চলে।

পূর্ববর্তী নিবন্ধতিন প্রতিবেশীকে আটকের পর মিলল নিখোঁজ শিশুর বস্তাবন্দী লাশ
পরবর্তী নিবন্ধআকার বাড়লেও কমছে ফলের স্বাদ