এইচএসসি পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নপত্রে

প্রথম শ্রেণির ভর্তিতে নামমাত্র পরীক্ষা

| শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৮:১১ পূর্বাহ্ণ

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা সব সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসে মন্ত্রী এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সারাদেশে আমরা একক প্রশ্নে এবার পরীক্ষার ব্যবস্থা করেছি। দেখি কী হয়। এটা আপনারা জানেন, একেক বোর্ডের সঙ্গে একেক বোর্ডের প্রতিযোগিতা থাকে। কোনো বোর্ড একটু সহজ প্রশ্নপত্র করে; কোনো বোর্ড কঠিন প্রশ্নপত্র করে। একই বাংলাদেশে পরীক্ষা দেবে, এসএসসি এবং এইচএসসি ভিন্ন প্রশ্ন তো হতে পারে না। এটা হয় না। এক দেশ থেকে আরেক দেশে ‘ও’ লেভেল ‘এ’ লেভেলে প্রশ্নপত্র ভিন্ন হয় না। সেজন্য আমরা এটা করেছি; ভালোর জন্যই করেছি। খবর বিডিনিউজের।

অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষার সময় কোন একটি বোর্ডের এলাকায় প্রাকৃতিক দুর্যোগ শুরু হলে সরকার কী পদক্ষেপ নেবে, তা শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা। উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, দুর্যোগের সঙ্গে প্রশ্নপত্রের কোনো সম্পর্ক নেই। একক প্রশ্ন বা অভিন্ন প্রশ্ন আমরা তো সেই স্ব স্ব উপজেলায় পাঠিয়ে দিয়েছি। সেটা তো আমাদের কোয়েশ্চেন ব্যাংকে চলে যায়। দুর্যোগে পরীক্ষা নেওয়ার অসুবিধা হয়, সেই সময় ইমারজেন্সি ডিসিশন নেওয়ার জন্য আমাদের অনেকগুলো পদ্ধতি রয়েছে; আমরা বিস্তারিত জানাব।

প্রথম শ্রেণির ভর্তিতে নামমাত্র পরীক্ষা : আগামী বছর প্রথম শ্রেণির ভর্তিতে নামমাত্র পরীক্ষা নেওয়ার কথা বলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ভর্তি পরীক্ষার ব্যাপারে, ক্লাস ওয়ানের ব্যাপারে আমরা বলেছি, একটি নামমাত্র ভর্তি পরীক্ষা নেব। এখানে কোচিং সেন্টারে যাওয়ার মতো কোনো ভর্তি পরীক্ষা না। একই সঙ্গে আমরা ক্যাশমেন্ট এরিয়ার উপরে কাজ করছি। আমরা ক্যাশমেন্ট এরিয়া (স্কুলের আশপাশের শিক্ষার্থীদের ভর্তি নেওয়া) এবং ন্যূনতম ভর্তি পরীক্ষা নিয়ে সিট অনুযায়ী সেভাবে ব্যবস্থা করব। সব জায়গায় তো আর এ ধরনের হচ্ছে না।

কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা আয়োজনে পরিকল্পনা সরকারের আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে বিস্তারিত আলোচনায় এখনও আমরা বসিনি। আমরা ক্যাশমেন্ট এরিয়া ও পরীক্ষা দুইটাকে সমন্বয় সাধন করে করব। এমন কোনো পরীক্ষা আমরা দেব না যে নিউরোসায়েন্টিস্ট বানানোর জন্য আমরা ক্লাস ওয়ানের ছেলেমেয়েদের পরীক্ষা দিছি। আপনারা একটু সময় দিন, দেখুন; ইনশাআল্লাহ দেখতে পাবেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঅপহরণের দুইদিনেও উদ্ধার হয়নি স্কুল ছাত্র মারুফ
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে পাহাড় কাটার সময় মাটিচাপায় কিশোর নিহত