দুবাইগামী যাত্রীর লাগেজে ৯৫ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ জুন, ২০২৬ at ৮:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী এক যাত্রীর কাছ থেকে প্রায় ৯৫ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে কাস্টমস ও গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ দল। গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের যাত্রী বহির্গমন (ডিপার্চার) লাউঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক যাত্রীর নাম মোহাম্মদ আবু বক্কর। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্র জানায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, বিমানবন্দর কাস্টমস শাখা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং ডিজিএফআইয়ের সদস্যরা যৌথভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাইগামী ফ্লাইট বিজি১৪৭এর এক যাত্রীর হ্যান্ড লাগেজে তল্লাশি চালান। এ সময় তার কাছে থাকা বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়।

উদ্ধার হওয়া মুদ্রার মধ্যে রয়েছে ২ লাখ ৫৩ হাজার ৬৬৫টি সংযুক্ত আরব আমিরাতের দিরহাম এবং ৪ হাজার ৭৯০টি ওমানি রিয়াল। বাংলাদেশি মুদ্রায় এসব বৈদেশিক মুদ্রার মোট মূল্য ৯৪ লাখ ৫১ হাজার ৩৯৭ টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আটক যাত্রীর বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা পাচার আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে তিনি বিমানবন্দর কাস্টমস ও পতেঙ্গা থানার হেফাজতে রয়েছেন। তিনি আরও বলেন, বৈদেশিক মুদ্রা পাচার, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দরে কাস্টমস, কাস্টমস গোয়েন্দা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপেনাল্টিতে চেকিয়ার জয় কাড়ল দক্ষিণ আফ্রিকা
পরবর্তী নিবন্ধঅবশেষে যুক্ত হচ্ছে ৪টি অত্যাধুনিক কী গ্যান্ট্রি ক্রেন