শিক্ষাখাতে ২৫ ভাগ বরাদ্দসহ ৪ দফা দাবি

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সমাবেশ

| বৃহস্পতিবার , ১৮ জুন, ২০২৬ at ৯:০০ পূর্বাহ্ণ

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার উদ্যোগে শিক্ষাখাতে ২৫ ভাগ বরাদ্দসহ ৪ দফা দাবিতে এক সমাবেশে সভাপতিত্ব করেন নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন। বক্তব্য রাখেন নগর সদস্য নোমান উদ্দিন, আহমদ জসিম, মুবিনুল হক সাব্বির। সমাবেশ পরিচালনা করেন নগর শাখার স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা শ্রাবণী।

সমাবেশে বক্তারা বলেন, ২০২৬২৭ অর্থ বছরের জন্য ইতিমধ্যে সরকার প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছে। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৬ লাখ ৯৫ হাজার কোটি টাক। বাজেট ঘাটতি ধরা হয়েছে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এত বিশাল ঘাটতি রেখে যে বাজেট প্রনয়নের দিকে বর্তমান সরকার যাচ্ছে সেটা অতীতের সরকারের বাজেটের ধারাবাহিকতা মাত্র। সেখানে সাধারণ জনগণের ইচ্ছার কোন প্রতিফলন নেই। প্রতি বছর বাজেটের আকার টাকার পরিমাণে বৃদ্ধি পায়, কিন্তু শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প ও অন্যান্য উৎপাদনশীল খাতে শতাংশের হিসাবে বরাদ্দ কমিয়ে অনুৎপাদনশীল খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের দীর্ঘদিনের দাবি ছিল শিক্ষাখাতে মোট বাজেটের ২৫ ভাগ এবং জিডিপির ৬ভাগ বরাদ্দ রাখা দরকার। কিন্তু সরকার শিক্ষা ও প্রযুক্তিখাত মিলিয়ে ১৪.৬ শতাংশ ও জিডিপির মাত্র ২ শতাংশ বরাদ্দ করেছে। তারা এ বাজেট প্রত্যাখান করে অবিলম্বে শিক্ষাখাতে ২৫ ভাগ বরাদ্দের বরাদ্দসহ ৪ দফার দাবি জানান। দীর্ঘদিন থেকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার পায়তারা করা হচ্ছে। যে বন্দর আমাদের দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি সে বন্দরকে কোনভাবেই বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া চলবে না বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়ির রামগড়ে ফ্যামিলি কার্ড পেল ৪৫৬ জন
পরবর্তী নিবন্ধকয়েকটি বালুর স্তূপ জব্দ,৪০ হাজার টাকা জরিমানা