পটিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত যুবক পঙ্কজ শীলের পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে ছুটে গেছেন চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। গতকাল শুক্রবার রাতে উপজেলার কচুয়াই ইউনিয়নের নিজ বাড়িতে গিয়ে নিহত পঙ্কজ শীলের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পঙ্কজের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
পঙ্কজ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার আড়াই বছর বয়সী এক কন্যা সন্তানও রয়েছে। এমপি এনাম পঙ্কজের স্ত্রী ও ছোট ভাইকে আগামীতে যেকোন একটা সরকারি চাকরি ও বর্তমানে তাদের বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থান করে দেয়ার আশ্বাস প্রদান করেন। দিলেন নগদ অর্থ সহায়তা।
এ সময় পটিয়া থানার ওসি জিয়াউল হক পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পঙ্কজের হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানান এবং শীঘ্রই দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন।
পরিবারের সদস্যদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে এমপি এনাম বলেন, এ ধরনের মর্মান্তিক ও ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, একজন পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পরিবারটি যে অপূরণীয় ক্ষতির মুখোমুখি হয়েছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।
সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, পটিয়া থানার ওসি জিয়াউল হক, হিন্দু ধর্মীয় নেতা শ্যামল কান্তি দে, তাপস দে, বিএনপি নেতা মোহাম্মদ ইসহাক, স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে পটিয়া উপজেলার জুলোয়ার দিঘীর পশ্চিম পাড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পঙ্কজ শীল নিহত হন। একই ঘটনায় গুরুতর আহত হন আরও একজন।










