বাজেটকে ব্যবসাবান্ধব, বিনিয়োগবান্ধব, জনকল্যাণমুখী এবং বৈষম্যহীন অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সময়োপযোগী বাজেট হিসেবে অভিহিত করেছে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশন।
এক যৌথ বিবৃতিতে এসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী বলেন, প্রধানমন্ত্রীর ‘সবার আগে বাংলাদেশ’ প্রত্যয় বাস্তবায়নের লক্ষ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে ভঙ্গুর অর্থনীতির পুনরুদ্ধার, দেশি–বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠার বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তারা উল্লেখ করেন, করজাল সমপ্রসারণ, ডি–রেগুলেশনের মাধ্যমে সময় ও ব্যয় সাশ্রয়ী ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, রুগ্ন শিল্প শিল্পপ্রতিষ্ঠানকে পুনরায় উৎপাদনমুখী ধারায় ফিরিয়ে আনা, ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং করদাতাদের হয়রানি কমানোর উদ্যোগ অর্থনীতিকে শক্তিশালী করতে সহায়ক হবে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা ধরে রাখতে গৃহীত পদক্ষেপসমূহ যথাযথভাবে বাস্তবায়নে বাজার তদারকি ও সর্বক্ষেত্রে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করতে হবে।
তাঁদের মতে, প্রস্তাবিত বাজেট একটি মানবিক, গণতান্ত্রিক, জনকল্যাণমুখী ও বাসযোগ্য দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আমদানি–রপ্তানি কার্যক্রমকে আরও গতিশীল ও ব্যবসাবান্ধব করতে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সর্বাত্মক সহযোগিতা ও সক্রিয় ভুমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।












