আগামী বছর চতুর্থ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন বিষয় শিল্প ও সংস্কৃতি

| বৃহস্পতিবার , ১১ জুন, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

সরকার ২০২৮ সাল থেকে যে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা হাতে নিয়েছে, তাতে চতুর্থ শ্রেণিতে দুটি বিষয় যুক্ত করার কথা বলা হলেও এখন সে পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। প্রাথমিক পর্যায়ের বিদ্যমান শিক্ষাক্রমেই ২০২৭ সালে চতুর্থ শ্রেণিতে ‘শিল্প ও সংস্কৃতি’ বিষয়ের পাঠ্যবই যুক্ত হচ্ছে। আর ২০২৮ সালে নতুন শিক্ষাক্রমে এই শ্রেণিতে ‘শিল্প ও সংস্কৃতি’ এবং ক্রীড়া বিষয়ের পাঠ্যবই অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে। গতকাল বুধবার সকালে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিকের পাঠ্যক্রমে সংগীত ও নৃত্যকলা অন্তর্ভুক্তি নিয়ে এক সভায় এ সিদ্ধান্ত এসেছে। খবর বিডিনিউজের।

সভা শেষে দুপুরে এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু বলেন, ২০২৮ সালে নতুন শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণিতে শিল্প ও সংস্কৃতি এবং ক্রীড়া বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে। এর আগে আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে বিদ্যমান শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণিতে শিল্প ও সংস্কৃতি বিষয়ের একটি পাঠ্যবই যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। এই বইতে চারটি অধ্যায়ে চারু ও কারুকলা, সংগীত, নৃত্যকলা এবং নাট্যকলার পাঠ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। গতকাল বুধবার সভার পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া বলেন, আগামী বছর চতুর্থ শ্রেণির ‘শিল্প ও সংস্কৃতি’ বিষয়ের পাঠ্যবইটি ছোট পরিসরে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বইটি হবে ৪০ পৃষ্ঠার মত। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে এ সভা হওয়ার বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মন্ত্রণালয়। সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মন্ত্রণালয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডএনসিটিবি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিষয়ের শিক্ষকরা অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধউত্তর বাইনজুরী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধবাংলাদেশকে ৪০ কোটি ডলার দেবে বিশ্ব ব্যাংক