কক্সবাজারের টেকনাফ থেকে প্রাইভেটকারে পাচারকালে ২ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে কোস্টগার্ড। আটক যুবকের নাম মো. আলী (২৪)। তিনি টেকনাফের জাহালিয়াপাড়ার মো. হোসেনের ছেলে। গতকাল সোমবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিনগত রাতে কোস্টগার্ড স্টেশন টেকনাফের সদস্যরা কেরুনতলী এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি করা হয়।
তল্লাশিতে ওই প্রাইভেটকার থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা। এ ঘটনায় আটক মো. আলীকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।












