খাঁচায় মুখপোড়া হনুমান, বস্তায় ১২ কচ্ছপ

চকরিয়ায় বন্যপ্রাণী পাচারকারী আটক

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ অভিযান চালিয়ে খাঁচাবন্দি একটি বিলুপ্ত প্রজাতির মুখপোড়া হনুমান ও বস্তাভর্তি ১২টি কচ্ছপ উদ্ধার করেছে। এ সময় হাদিস রহমান (৪০) নামে এক পাচারকারীকে আটক করা হয়। গতকাল সোমবার বিকেলে চকরিয়া উপজেলার ভাঙারমুখ বাজার নামক এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বন্যপ্রাণীসহ ওই পাচারকারীকে আটক করা হয়। আটক হাদিস রহমান ঢাকার মীরপুর১১ রোড নং, কাঁচাবাজার সংলগ্ন এলাকার সুলতান মিয়ার ছেলে।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বনাঞ্চল থেকে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী গোপনে সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিল। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বন্যপ্রাণীসহ এক পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়। আটক পাচারকারীর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মদ ইয়াসিন নেওয়াজ জানান, বন্যপ্রাণী শিকার, হত্যা, আটক, ক্রয়বিক্রয় ও পাচার আইনত দণ্ডনীয় অপরাধ। তিনি বলেন, একটি সংঘবদ্ধ ও শক্তিশালী চক্র দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বনাঞ্চল থেকে অবৈধভাবে বন্যপ্রাণী সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। এসব চক্রের বিরুদ্ধে বন বিভাগের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ২ কোটি ৪০ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ