আদ–দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ আলোচনায় এই ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী শিশির মনির জানিয়েছেন।
গতকাল রোববার সুপ্রিম কোর্টে নিজ চেম্বারে তিনি সাংবাদিকদের বলেন, প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি আগে ঘোষিত অন্যান্য সুযোগ সুবিধাও বহাল থাকবে। প্রত্যেক পরিবারকে ইতোমধ্যে ১০ লাখ টাকা করে দেওয়া হয়েছে। কোরবানির ঈদের আগের দিন বুধবার ভোরের দিকে আদ–দ্বীন হাসপাতালের ‘পোস্ট অপারেটিভ’ ওয়ার্ডে থাকা ছয় শিশুর সবাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং একে একে তাদের মৃত্যু হয়। ওই ঘটনায় দেশব্যাপী ‘গভীর উদ্বেগ, শোক ও ক্ষোভের’ সৃষ্টি হয়। খবর বিডিনিউজের।












