বিশ্বকাপ ফুটবল উন্মাদনা

কক্সবাজারে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের আনন্দ শোডাউন

শাহেদ মিজান, কক্সবাজার | রবিবার , ৭ জুন, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

আর মাত্র পাঁচদিন পর কপাট খুলছে ফিফা ফুটবল বিশ্বকাপের। ১১ জুন পর্দা উঠবে ফুটবলের এই বিশ্ব আসরের। নিজের দেশের অংশগ্রহণ না থাকলেও সাত সমুদ্রতের নদীর এপারের বাংলাদেশের ফুটবল প্রেমীদের এ নিয়ে উৎসাহের শেষ নাই। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের সমর্থকদের উন্মাদনা জ্বরের পারদ মিটার যেন এখন সপ্তমে। চিরাচরিত চিত্রের মতো এবারও প্রিয়দলের ভালোবাসায় মুখর এদেশের এই ফুটবল পাগলরা। তাই নানা পাগলামীতে মেতে উঠেছে তারা। সমুদ্র নগর কক্সবাজারে ফুটবল বিশ্বকাপের এই উন্মাদনা মাত্রা এখন আকাশচুম্বী। এখানে প্রতিপক্ষকে পাল্লা দিয়ে একের পর এক নানা আয়োজন করে যাচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা। শেষ মুহূর্তে বিশাল বিশাল আনন্দ শোডাউন ও স্বাগত মিছিল করছে দু’দলের সমর্থকরা।

জানা গেছে, দুই দলের সমর্থকরা সীমান্ত উপজেলা টেকনাফে শোডাউন করার পর জেলা পর্যায়ে শোডাউন করছে। গতকাল ব্রাজিল সমর্থকরা কক্সবাজার শহরে এক বিশাল শোডাউন করেছে। এতে জেলার বিভিন্ন স্থান থেকে ব্রাজিল সমর্থকরা মোটরসাইকেলসহ নানা গাড়ির বহর নিয়ে দলে দলে যোগ দেন। এর আগে গত ২৫ মে টেকনাফে প্রথম দফা শোডাউন ও আনন্দ কনসার্ট করে ব্রাজিল সমর্থকরা। একই সাথে আর্জেন্টিনার সমর্থকরাও গত পরশু বিশাল শোডাউন করে কাঁপিয়ে দেয় টেকনাফ, উখিয়া ও মেরিনড্রাইভ সড়ক। এসব শোডাউনে সমর্থকদের স্লোগান, উচ্ছ্বাস আর বিশ্বকাপ জয়ের স্বপ্ন আর্জেন্টিনাব্রাজিলের পতাকা, জার্সি ও নানা রঙের ব্যানারে সজ্জিত সমর্থকদের এমন বর্ণিল আয়োজন নজর কেড়েছে পর্যটক ও স্থানীয়দের।

ব্রাজিল সমর্থক ফোরামের জেলা সমন্বয়ক ছৈয়দ আলম জানান, ২৫ মে সীমান্ত শহর টেকনাফ থেকে আমাদের ধারাবাহিক আনন্দ শোডাউনের যাত্রা হয়। ওইদিন পাঁচ শতাধিক গাড়িবহর নিয়ে বিশাল শোডাউন টেকনাফ থেকে উখিয়া ও মেরিনড্রাইভ সড়ক প্রদক্ষিণ করে। এসময় দীর্ঘ পতাকা বহন এবং ড্রাম ও ভেঁপু বাজিয়ে করে অন্যরকম আবহ সৃষ্টি করে। তিনি আরো জানান, জেলা পর্যায়ে সমর্থকদের নাড়া দিতে দ্বিতীয় দফায় শনিবার (গতকাল) কঙবাজার শহরে আরো বড় আকারের শোডাউন করা হয়। এতে জেলার সব উপজেলা থেকে গাড়ির বহর নিয়ে ছুটে আসে ব্রাজিল সমর্থকরা। এতে শহরজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। শহর মাতিয়ে সমুদ্র পাড়ে বসে ব্রাজিল পাগলদের আসর।

আর্জেন্টিনা সমর্থক ফোরামের টেকনাফের সমন্বয়ক সরওয়ার আলম জানান, ৫ জুন বিকেলে পাঁচ শতাধিক মোটরসাইকেলের বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে টেকনাফ শহর থেকে উখিয়া পেরিয়ে মেরিন ড্রাইভ সড়ক প্রদক্ষিণ করেন আর্জেন্টিনা সমর্থকেরা। পরে সমুদ্রসৈকতের বালুচরে ১০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা উড়িয়ে প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থনের জানান দেন তারা। শুধু তাই নয়; আজ রোববার কঙবাজারে অনুষ্ঠিত হবে আরো বিশাল আরেকটি শোডাউন। এতে আরো সমাগম হবে।

আর্জেন্টিনা সমর্থক ফোরামের জেলা সমন্বয়ক মোরশেদ আলম জানান, বিশ্বকাপ শুরুর প্রাক্কালে আর্জেন্টিনা সমর্থকদের প্রত্যাশা২০২২ সালের বিশ্বকাপ জয়ের গৌরবগাঁথার পুনরাবৃত্তি ঘটবে ২০২৬ সালেও। তাদের বিশ্বাস, লিওনেল মেসির নেতৃত্বে আবারও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ট্রফি উঠবে আর্জেন্টিনার হাতে।

ব্রাজিল দল সমর্থক ফোরামের জেলা সমন্বয়ক কানন বড়ুয়া বিশাল বলেন, আজকের (গতকাল) পরিবেশটা পুরোপুরি উৎসবমুখর। কঙবাজার শহরজুড়ে হাজার হাজার মানুষ একসাথে ব্রাজিল দল নিয়ে উচ্ছ্বাস করেছে। সব খেলোয়াড়ই ভালো ফর্মে আছে। আমরা আশাবাদী, ব্রাজিল এবার চ্যাম্পিয়ন হবে।

ফুটবল ভক্তদের এই উন্মাদনা নিয়ে কৌতুলী হয়েছে সাধারণ মানুষও। তারা বলছেন, খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে তরুণদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য এবং ইতিবাচক বিনোদনের পরিবেশ গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। বর্ণাঢ্য শোডাউন, জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট আরো নানা কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান দুই দলের সমর্থক ফোরামের সমন্বয়করা।

এ ব্যাপারে কঙবাজারে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসিম উদ্দিন বলেন, ফুটবল একটি ক্রেজ সৃষ্টিকারী খেলা। বাংলাদেশের ফুটবলে জনপ্রিয়তা রয়েছে ব্যাপক। সেই সাথে দুই বিশ্ব ফেভারিট দল ব্রাজিলআর্জেন্টিনার রেকর্ড ভক্ত রয়েছে এই দেশে। কঙবাজারের চিত্র আরো বৃহৎ। এই উন্মদনা অত্যন্ত সুখকর। এর মাধ্যমের যুবসমাজের মাঝে সুস্থধারা তৈরি হয়। দুই দলের পাল্টাপাল্টি যে শোডাউনসহ অন্যান্য কর্মসূচি তাতে জেলাজুড়ে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচোখের সামনে ইসরায়েলি সেনার ছোড়া গুলি বিঁধল ছেলের গায়ে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে মনোরেল প্রকল্পের সম্ভাব্যতা নিয়ে ডিটিসিএর সঙ্গে মতবিনিময়