দাবি আদায় না হলে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি

ছয় দাবিতে চমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

আজাদী প্রতিবেদন | রবিবার , ৭ জুন, ২০২৬ at ১০:১৪ পূর্বাহ্ণ

ছয় দফা দাবিতে গতকাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। দাবি আদায় না হলে আজ রোববার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির হুশিয়ারি দিয়েছে সংগঠনটি।

গতকাল শনিবার হাসপাতালের মেইন গেটে আয়োজিত সমাবেশে এ হুঁশিয়ারি দেন ইন্টার্ন চিকিৎসকরা। সূত্রে জানা গেছে, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এফসিপিএস ট্রেনিংসংক্রান্ত কিছু সিদ্ধান্ত গ্রহণ করে। সেখানে ঢাকা মেডিকেল ও সোহরাওয়ার্দী হাসপাতালে কিছু বিভাগে নতুন পদায়ন বন্ধ, উপজেলায় দুই বছর বাধ্যতামূলক সেবাদান এবং মেধাভিত্তিক সীমিত ভাতার বিধান রাখা হয়েছে। এসব সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মাঠে নামেন ইন্টার্ন চিকিৎসকরা। গত বৃহস্পতিবার থেকে সারা দেশে এ আন্দোলন চলছে বলে জানান তারা।

ইন্টার্ন চিকিৎসকদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে, স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের গত ১৯ মে জারি করা এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে নতুন নির্দেশনা দেওয়া, স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন প্রণয়ন ও দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এর বাস্তবায়ন, ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ এবং সরকারি চিকিৎসকদের জন্য পৃথক বেতন কাঠামো প্রণয়ন। এছাড়া বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বিএমডিসি আইন২০২৫কে অধ্যাদেশের পরিবর্তে পূর্ণাঙ্গ আইনে রূপান্তর এবং ভুয়া চিকিৎসক পরিচয়দানকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করা। একই সঙ্গে বিএমডিসি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন সব ভর্তি পরীক্ষার ফি এক হাজার টাকার মধ্যে নির্ধারণের দাবিও জানানো হয়। মানববন্ধনে চমেক হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সাকিব হোসেন বলেন, ইন্টার্ন চিকিৎসকদের জন্য এখনো কোনো স্বতন্ত্র বেতন কাঠামো নেই। দীর্ঘ সময় দায়িত্ব পালন করলেও বর্তমান ভাতা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই ইন্টার্নদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা এবং ট্রেইনি চিকিৎসকদের ভাতা অন্তত ৫০ হাজার টাকা নির্ধারণ করে নিয়মিত পরিশোধ নিশ্চিত করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে পাচারকালে ২৮০ বস্তা সিমেন্ট জব্দ, ৯ পাচারকারী আটক
পরবর্তী নিবন্ধঈদের লম্বা ছুটি শেষে প্রাণ পাচ্ছে চবি ক্যাম্পাস