মিয়ানমারে পাচারকালে ২৮০ বস্তা সিমেন্ট জব্দ, ৯ পাচারকারী আটক

পৃথক অভিযানে চোরাই সরঞ্জামসহ আটক ৯

আজাদী প্রতিবেদন | রবিবার , ৭ জুন, ২০২৬ at ১০:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে মিয়ানমারে পাচারকালে ২৮০ বস্তা সিমেন্ট ও বিভিন্ন চোরাইকৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ১৮ জনকে আটকও করা হয়েছে। গত শুক্রবার পৃথক এ দুই অভিযান পরিচালিত হয় জানিয়ে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সন্দ্বীপের নিকটবর্তী বহিঃনোঙ্গর সংলগ্ন সমুদ্র এলাকায় গত শুক্রবার সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ২৮০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।

অপরদিকে একইদিন চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে রাত ৯টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক ১টি বোটে তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ হতে চোরাইকৃত প্রায় ১৭ লাখ টাকা মূল্যের ১০ টন ওয়্যার রোপ, ২ টন বার্থিং হাউজার এবং একটি বাল্কহেডসহ ৯ জন চোরাকারবারীকে আটক করা হয়।

জব্দকৃত আলামত, পাচারকাজে ব্যবহৃত বোট ও বাল্কহেড এবং আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরো বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

পূর্ববর্তী নিবন্ধভারতীয় কারাগার থেকে মুক্ত ৯১ জেলে দেশে ফিরছেন আজ
পরবর্তী নিবন্ধদাবি আদায় না হলে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি