পবিত্র ঈদুল আজহার ছুটিতে প্রায় দুই সপ্তাহ শিক্ষার্থীদের পদচারণাহীন ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। হলের করিডোর, বিভাগগুলোর বারান্দা, শাটল ট্রেনের বগি কিংবা আড্ডার চিরচেনা স্থানগুলোতে নেমে এসেছিল এক ধরনের নিস্তব্ধতা। তবে সেই নীরবতা কাটিয়ে আবারও প্রাণ ফিরে পাচ্ছে দেশের অন্যতম বৃহৎ এ নৈসর্গিক সৌন্দর্যের বিশ্ববিদ্যালয়। ছুটি শেষে আজ থেকে শুরু হচ্ছে ক্লাস–পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম।
গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার দৃশ্য দেখা গেছে। কেউ ট্রেনে, কেউ দূরপাল্লার বাসে, আবার কেউ ব্যক্তিগত যানবাহনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফিরছেন হলে কিংবা ভাড়া বাসায়। সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন, জিরো পয়েন্ট, প্রধান ফটক ও আবাসিক হল এলাকায় দেখা যায়, কাঁধে ব্যাগ আর হাতে লাগেজ নিয়ে শিক্ষার্থীরা ফিরছেন ক্যাম্পাসে। দীর্ঘ ছুটির পর বন্ধুদের সঙ্গে দেখা হওয়া, নতুন সেমিস্টারের ব্যস্ততা আর পরীক্ষা প্রস্তুতির ভাবনায় মুখর হয়ে উঠছে পুরো ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী সাদিয়া রহমান বলেন, ঈদের সময়টুকু পরিবারের সঙ্গে কাটানোর আনন্দ অন্যরকম। মা–বাবা, ভাইবোন আর আত্মীয়স্বজনদের নিয়ে কয়েকটা দিন কেমন দ্রুতই শেষ হয়ে যায়। কিন্তু ছুটি শেষ হলেই আবার বাস্তবতায় ফিরতে হয়। বাড়ি থেকে বের হওয়ার মুহূর্তে মনটা ভার হয়ে আসে। তবুও স্বপ্ন আর দায়িত্বের টানে ক্যাম্পাসে ফিরতে হয়।
কলা অনুষদের শিক্ষার্থী তানভীর হাসান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, আমাদের জীবনেরই একটি অংশ। ছুটিতে বাড়িতে থাকলে ক্যাম্পাসকে মিস করি, আবার ক্যাম্পাসে ফিরতে গেলে বাড়ির জন্য মন খারাপ হয়। এই দুই অনুভূতির মাঝেই আমাদের বিশ্ববিদ্যালয় জীবন এগিয়ে চলে।
অন্যদিকে সামনে পরীক্ষা থাকায় অনেক শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের আগেই ক্যাম্পাসে ফিরতে হয়েছে। ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহমুদুল করিম বলেন, ঈদের আমেজ এখনো কাটেনি। পরিবারের সঙ্গে আরও কিছুদিন থাকতে ইচ্ছে ছিল। কিন্তু সামনে পরীক্ষা থাকায় প্রস্তুতির জন্য দ্রুত ফিরে আসতে হয়েছে। বিশ্ববিদ্যালয় জীবনে আনন্দ আর দায়িত্ব দুটোকেই একসঙ্গে সামলাতে হয়।
দীর্ঘ ছুটির পর আবাসিক হলগুলোতেও ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। ধীরে ধীরে ব্যস্ত হয়ে উঠছে ক্যান্টিন, পাঠাগার ও বিভাগের করিডোর। বন্ধ থাকা আড্ডার আসরগুলোও আবার জমে উঠতে শুরু করেছে। প্রতি বছরের মতো এবারও ঈদের ছুটি শেষে বাড়ির মায়া আর স্বপ্নের টানকে সঙ্গে নিয়েই শিক্ষার্থীরা ফিরছেন তাদের প্রিয় ক্যাম্পাসে। আর তাদের পদচারণায় ধীরে ধীরে জেগে উঠছে সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিস্তীর্ণ প্রাঙ্গণ।












