ভারতীয় কারাগার থেকে মুক্ত ৯১ জেলে দেশে ফিরছেন আজ

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ৭ জুন, ২০২৬ at ১০:১১ পূর্বাহ্ণ

দীর্ঘ চার মাসের বেশি সময় ভারতীয় কারাগারে থাকার পর কুতুবদিয়া উপজেলার ৭৭ জনসহ মোট ৯১ জন বাংলাদেশি জেলে এবং চারটি মাছ ধরার ট্রলার আজ রোববার দেশে ফিরছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতীয় কর্তৃপক্ষের আইনি প্রক্রিয়া শেষে গতকাল শনিবার সকালে ভারতের দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে ট্রলারগুলো নিয়ে তারা বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন। আটক জেলেদের পরিবার ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রগুলো জানায়, প্রায় চার মাস আগে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় আন্তর্জাতিক সামুদ্রিক সীমানা অতিক্রমের অভিযোগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জেলেদের আটক করে। পরে তাদের ট্রলারসহ ভারতের ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আদালতের নির্দেশে তারা কারাগারে ছিলেন।

মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, মুক্তি পাওয়া জেলেদের মধ্যে কুতুবদিয়া উপজেলার ৭৭ জন রয়েছেন। বিভিন্ন সরকারি ও কূটনৈতিক উদ্যোগের ফলে তাদের দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধমিয়ানমারে পাচারকালে ২৮০ বস্তা সিমেন্ট জব্দ, ৯ পাচারকারী আটক