রাঙ্গুনিয়ার সরফভাটা থেকে নিখোঁজ হওয়ার ৪ দিন পর মো. ফারুক (২৫) নামে এক প্রবাসীর হাত–পা বাঁধা লাশ বেয়ালখালী থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ২টার দিকে বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা আঠারোমুড়া এলাকার একটি ছড়ার পাশ থেকে তার জবাই করা মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ফারুক রাঙ্গুনিয়ার জঙ্গল সরফভাটা ১ নং ওয়ার্ডের মীরের খীল এলাকার মাতব্বর বাড়ির ওসমান ও গুলতাজ দম্পতির সন্তান। তিনি একজন ওমান প্রবাসী বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুন সরফভাটার নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন ফারুক। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। গতকাল শনিবার সকালে বোয়ালখালীর পাহাড়ে লুঙ্গি ও টিশার্ট পরিহিত হাত–পা বাঁধা এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। দুপুরে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে জানা যায়, লাশটি নিখোঁজ প্রবাসী ফারুকের।
বোয়ালখালী থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে–ফারুক গত ২ জুন বাড়ি থেকে বের হয়েছিলেন। বোয়ালখালীর গুচ্ছগ্রামে তার এক ভগ্নিপতির বাড়ি রয়েছে। তবে যে পাহাড় থেকে লাশ উদ্ধার হয়েছে, সেটি গুচ্ছগ্রাম থেকে বেশ দূরে। আমরা ঘটনাস্থলে থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছি। বিস্তারিত পরে জানা যাবে। ওসি বলেন, লাশের পিছনমোড়া হাত–পা বাঁধা অবস্থায় ছিল। তাকে গলায় জবাই করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. হিলাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ফারুকের বাড়ি রাঙ্গুনিয়া থানা এলাকায় হলেও মরদেহটি উদ্ধার হয়েছে বোয়ালখালী সীমান্ত থেকে। তাই রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনার ছায়াতদন্ত ও বোয়ালখালী পুলিশকে সহযোগিতা করলেও, আইনগত মূল ব্যবস্থা ও মামলা বোয়ালখালী থানাতেই দায়ের হবে।
এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী।











