মধ্য জুনে কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন

ছোটন কান্তি নাথ, চকরিয়া | শুক্রবার , ৫ জুন, ২০২৬ at ৯:১০ পূর্বাহ্ণ

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৪ বা ১৫ জুন কক্সবাজারে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরকালের তিনি চকরিয়ার উপকূলীয় সাতটি ইউনিয়ন নিয়ে নিকার বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া বহুল প্রতীক্ষিত মাতামুহুরী উপজেলা পরিষদ কমপ্লেক্স, প্রশাসনিক ভবনসহ সরকারি দপ্তরগুলোর অবকাঠামো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন পেকুয়া পৌরসভা ভবনের। পাশাপাশি ডুলাহাজারায় বৃক্ষরোপণ, খাল খনন কর্মসূচিসহ একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় জনসভায় বক্তব্য রাখার কথাও রয়েছে তার। প্রধানমন্ত্রীর এই সফরকালে সাথে থাকবেন কক্সবাজার১ আসনের সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের একাধিক মন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় অনেক নেতাও। জেলা প্রশাসন ও দলীয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

মাতামুহুরী উপজেলা বিএনপির দেওয়া তথ্যানুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছরের বেশী সময় ধরে উপকূলীয় সাতটি ইউনিয়নের প্রায় চার লাখ মানুষের লালিত স্বপ্নআশার চূড়ান্ত বাস্তবায়ন হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী আসছেন এই খবর ছড়িয়ে পড়ার পর মাতামুহুরী উপজেলা, পেকুয়া পৌরসভাসহ কক্সবাজার জেলাজুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সর্বসাধারণের মাঝে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের আওতায় আলাদা মাতামুহুরী উপজেলা প্রতিষ্ঠার চূড়ান্ত বাস্তবায়ন হতে যাওয়ায় ব্যাপক উচ্ছ্বাসউদ্দীপনা লক্ষ্য করা গেছে মাতামুহুরী উপজেলার বাসিন্দাদের মধ্যে। দলের পক্ষ থেকে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে জানান দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের বিষয়টি। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুণছেন এখানকার মানুষ। ইতোমধ্যে মাতামুহুরী উপজেলার প্রথম নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ারকে। এমনকি মাতামুহুরী উপজেলা পরিষদ কমপ্লেক্স, প্রশাসনিক ভবন, এসি ল্যান্ড ভবন, থানা ভবন, ফায়ার সার্ভিস স্টেশন, স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য সরকারি দপ্তরের জন্য নির্ধারিত জায়গাও জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শনের মাধ্যমে চূড়ান্ত করে ফেলেছেন। অপরদিকে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামকে নবগঠিত পেকুয়া পৌরসভার প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। এরপর থেকে পেকুয়া পৌরসভার দাপ্তরিক কার্যক্রমও শুরু হয়ে গেছে।

কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী এবং জেলা বিএনপির দপ্তর সম্পাদক একেএম ইউসুফ বদরী দৈনিক আজাদীকে জানান, কক্সবাজারবাসীর গর্ব স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার দেওয়া নির্বাচনী ওয়াদার সবটুকুই একে একে পূরণ করছেন ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের পর থেকে। তারই ঐকান্তিক প্রচেষ্টায় অতিদ্রুত সময়ের মধ্যে মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভা আলোর মুখ দেখেছে। আগামী ১৪ বা ১৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন এসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করতে।

মাতামুহুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু ও সাংগঠনিক সম্পাদক মাস্টার শোয়াইবুল ইসলাম সবুজ জানান, মাতামুহুরী উপজেলার প্রশাসনিক মূল ভবনগুলো নির্মাণের উদ্যোগ শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। সেই লক্ষ্যে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভৌগোলিক অবস্থার নিরিখে উন্নত যোগাযোগ ব্যবস্থা ও জনসাধারণের সুবিধা বিবেচনায় নিয়ে প্রশাসনিক ভবন নির্মাণের অতিগুরুত্বপূর্ণ স্থানগুলো মন্ত্রণালয় এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা সরজমিন পরিদর্শন করে গেছেন। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর পরই শীঘ্রই অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ দেখতে পাবেন এতদঞ্চলের জনগণ। এজন্য মাতামুহুরী উপজেলার সাতটি ইউনিয়নের ঘরে ঘরে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সর্বসাধারণের মাঝে ব্যাপক উচ্ছ্বাসউদ্দীপনা দেখা দিয়েছে। দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে বরণ করতে।

কক্সবাজার জেলা প্রশাসক মো. . মান্নান জানান, কক্সবাজারের দশম মাতামুহুরী উপজেলা এবং জেলার পঞ্চম পেকুয়া পৌরসভাকে পূর্ণাঙ্গ রূপ দিতে প্রশাসনিক অবকাঠামো নির্মাণের কাজ শুরু হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। এজন্য সকল ধরনের দাপ্তরিক প্রস্তুতি চূড়ান্ত করে ফেলা হয়েছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দ্রুততম সময়ে কাজ শুরু হবে। প্রধানমন্ত্রীর আগমনের মধ্য দিয়ে এসব উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে নেওয়া হবে দ্রুততার সাথে।

পূর্ববর্তী নিবন্ধপররাষ্ট্রমন্ত্রীর পদে থেকেই জাতিসংঘে দায়িত্ব সামলাবেন খলিল
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা