পররাষ্ট্রমন্ত্রীর পদে বহাল থেকেই জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান। এ দায়িত্ব পালনের সময় সাধারণ পরিষদের গুরুত্বপূর্ণ অধিবেশন চলাকালে তিনি ছুটিতে থাকবেন বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের সময় কয়েক সপ্তাহের জন্য ছুটিতে যেতে পারেন তিনি। তবে মন্ত্রিত্ব ছাড়ার কোনো পরিকল্পনা নেই। খবর বিডিনিউজ ও বাংলানিউজের।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন ও বিজয়ী হওয়ার পর গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেসময় খলিলুর রহমান দুই পদেই দায়িত্ব সামলানোর ইঙ্গিত দেন। তিনি বলেন, এর প্রিসিডেন্টস (নজির) আছে।
সাংবাদিকরা খলিলুর রহমানের কাছে জানতে চান, জাতিসংঘের অধিবেশনের সভাপতি হওয়া তিনি এখন ছুটিতে যাবেন কি না। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চাকরি ছাড়ব কি না, এটাই তো? না না, ছুটি নেব কি না? ভাই, এত ব্যস্ত হওয়ার কিছু নেই! এর নজির আছে। আজ থেকে ৪০ বছর আগে হুমায়ুন রশীদ চৌধুরী সাহেব, আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আমি তার একান্ত সচিব ছিলাম এবং তার সঙ্গে কাজ করেছি। তিনি দুই পদেই পূর্ণকালীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছেন। তখন ছিল ইন্টারনেট–পূর্ব যুগ। কিন্তু এখন নিরবচ্ছিন্নভাবে দুটি দায়িত্বই একসঙ্গে পালন করা সম্ভব। এটা এখন খুবই স্বাভাবিক।
এর আগে জাতিসংঘ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে এক বছরের জন্য ছুটি নেবেন। সে সময় বিষয়টি নিয়ে সরকারি মহলে নানা আলোচনা সৃষ্টি হয়েছিল। তবে এখন জানা যাচ্ছে, তিনি একইসঙ্গে দুই দায়িত্বই পালন করবেন।
দেশে ফিরে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকেও অংশ নেন খলিলুর রহমান। বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়।
বিশ্লেষকদের মতে, সরকারের মন্ত্রিসভায় থেকে জাতিসংঘের এ ধরনের দায়িত্ব পালনে বিধিগত কোনো বাধা নেই। অতীতেও বিভিন্ন দেশে এমন নজির রয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তরের সাবেক পরিচালক ড. সেলিম জাহান বলেন, এমনকি চার দশক আগে বাংলাদেশ থেকে যিনি প্রথমবার সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, সেই হুমায়ূন রশিদ চৌধুরী নিজেও এরশাদ সরকারের পররাষ্ট্রমন্ত্রী পদে বহাল থেকেই জাতিসংঘের দায়িত্ব পালন করেছেন।
রোববার রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী : জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিন দিনের সফরে রোববার তার মস্কো যাওয়ার তথ্য দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া সফর ঘিরে বৃহস্পতিবার সেন্ট পিটার্সবার্গে সংবাদ সম্মেলনে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে সংবাদ সম্মেলনের তথ্য তুলে ধরা হয়। মারিয়া জাখারোভা বলেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে ৭ থেকে ৯ জুন রাশিয়ায় সরকারি সফর করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, ৮ জুন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে। এতে দ্বিপক্ষীয় বিষয়ের পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হবে। জাতিসংঘ সাধারণ পরিষদের একাশিতম অধিবেশনের সভাপতি পদে খলিলুর রহমানের নির্বাচনের প্রেক্ষাপটে জাতিসংঘের কার্যক্রমে রাশিয়ার সম্পৃক্ততা নিয়ে আলোচনায় বিশেষ মনোযোগ দেওয়ার পকিল্পনাও আছে।
রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান রসাটম স্টেট করপোরেশনসহ রাশিয়ার বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সফর সূচিতে রয়েছে বলে তুলে ধরেন জাখারোভা।












